নিউজিল্যান্ডকে পঞ্চম দিনে যেতে দেবে বাংলাদেশ?

এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে, নিউজিল্যান্ডের রান তখনো ১০০-ও হয়নি, কিন্তু ততক্ষণে নিউজিল্যান্ডের ৬ উইকেট চলে গেছে। দিনে তখনো ১৩ ওভার বাকি। ৩৩২ রানের লক্ষ্যে নামা নিউজিল্যান্ডের রান ৩৯ ওভারে ৬ উইকেটে ৯৮। 

স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন জাগছে, সিলেটে প্রথম টেস্টটা কি আজই জিতে যাবে বাংলাদেশ? 

সিলেটে এই পিচে চতুর্থ ইনিংসে ব্যাটিং কতটা কঠিন হতে পারে, সেটা সম্ভবত প্রথম দিনেই আঁচ করে নেওয়া গেছে। প্রথম দিনের শেষভাগ থেকেই যে বল ঘুরতে শুরু করেছিল! বাংলাদেশের স্পিনারদের চোখ 'লোভাতুর' করে দেওয়া এমন পিচে নিউজিল্যান্ড চতুর্থ ইনিংসে ব্যাটিং করবে -এই তথ্যটুকুই সম্ভবত বাংলাদেশের দিকে ম্যাচটাকে হেলিয়ে দিয়েছিল। শুধু দেখার ছিল, বাংলাদেশ তৃতীয় ইনিংস পর্যন্ত ব্যাটিংটা মোটামুটি ঠিকঠাক করতে পারে কি না। 

তা বাংলাদেশ ভালোই করেছে। প্রথম ইনিংস নিউজিল্যান্ডকে মাত্র ৭ রানের লিডেই আটকে রেখেছে, এরপর গতকাল তৃতীয় দিনেই অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরির সৌজন্যে ৭ উইকেট হাতে রেখে বাংলাদেশ লিডটা নিয়ে গিয়েছিল ২০৫ রানে। আজ দিনের শুরুতে শান্তকে হারালেও মুশফিক ও মিরাজের ফিফটিতে শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৩৩৮ রানে যেতে পেরেছে। তাতেই নিউজিল্যান্ডের সামনে দাঁড়ায় রেকর্ড লক্ষ্য - ৩৩২ রান! টেস্টে নিউজিল্যান্ডের সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডই ৩২৫ রানের। 

এই পিচে ৩৩২ মানে তো ৪০০-৪৫০-র মতোই, এমন লক্ষ্যে নিউজিল্যান্ড শুরু থেকেই ধুঁকেছে। ইনিংসের প্রথম ওভারের শেষ বলেই ল্যাথাম ফিরলেন শরীফুলের আউটসুইংয়ে স্লিপে ক্যাচ দিয়ে। দশম ওভারের শেষ বলে বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্চিন্তা শেষ - তাইজুলের বলে ফরোয়ার্ড ডিফেন্স করতে গিয়ে এলবিডাব্লিউ হয়ে গেছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেইন উইলিয়ামসন।  

প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান উইলিয়ামসনই এই পিচে নিউজিল্যান্ডের সবচেয়ে বড় ভরসা ছিলেন, তিনি ১১ রান করে বিদায় নেওয়ার পর নিউজিল্যান্ড পথ হারিয়েছে দ্রুতই। ৫০ রান পেরোনোর আগেই আরও দুই উইকেট নেই, ৫ উইকেট গেছে ৬০ রানের সময়ে। দলকে ৮১ রানে রেখে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে গ্লেন ফিলিপস আউট হওয়ার পর ড্যারিল মিচেল ও কাইল জেমিসনের জুটিই যা সেঞ্চুরি পার করিয়ে এগিয়ে নিচ্ছে নিউজিল্যান্ডকে। কিন্তু কতক্ষণ টানবেন? আজই শেষ হয়ে যাবে নিউজিল্যান্ডের প্রতিরোধ?