বিরাট কোহলির মঙ্গলবারের ইনস্টাগ্রাম স্টোরি দেখে ভক্তদের চক্ষু চড়কগাছ! ভক্তদের মধ্যে উদ্বেগ শুরু হয়ে যায়, তবে কি ভেজিটেরিয়ানের খাতা থেকে নাম কেটে নিলেন কোহলি?
অনুসারীদের এমন চিন্তার অবশ্য যথেষ্ট কারণ আছে। একটা সময় চিকেন ছিল ভারতীয় ব্যাটসম্যানের সবচেয়ে প্রিয় খাবারগুলোর একটি। কিন্তু ফিটনেসের প্রয়োজনে সেটি বাদ দিয়েছেন ভারতীয় ব্যাটসম্যান। কয়েক বছর ধরেই আমিষ থেকে নিজেকে দূরে রেখেছেন কোহলি। ফিটনেসকে অনন্য মাত্রায় নিয়ে যেতে এমন খাদ্যাভাস কতটা সাহায্য করেছে, তা অকপটে স্বীকার করেছেন কোহলিও। অথচ তিনিই কি না ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ‘চিকেন টিক্কা’র ছবি!
এই ছবি যে মুহূর্তেই আলোচনার ঝড় তুলবে, তা বলার অপেক্ষা রাখে না। তবে আসলেই কি চিকেন টিক্কা খেয়েছেন কোহলি? সে উত্তর অবশ্য কোহলির আমিষে ফেরা নিয়ে উদ্বিগ্ন ভক্তদের শান্ত করবে।
চিকেন টিক্কার ছবিতে একটা শুভঙ্করের ফাঁকি আছে। ইনস্টাগ্রামে কোহলি যে চিকেন টিক্কা খাওয়ার ছবি শেয়ার করেছেন, সেটি মূলত ‘মক চিকেন টিক্কা।’ এটি প্রাণিজ আমিষ থেকে নয়, এটি উদ্ভিজ্জ আমিষ দিয়ে তৈরি। আর সে কারণে এটি নিরামিষ হিসেবেই বিবেচিত হবে।
মক চিকেন টিক্কা বানাতে মুরগীর পরিবর্তে সয়া ব্যবহৃত হয়। কয়েক বছর ধরেই মুরগী ও মাংসের আইটেমগুলোর নিরামিষ সংস্করণ বাজারে এসেছে, এগুলো সয়া দিয়েই তৈরি। এগুলো দেখতে আসল চিকেনের মতোই। স্বাদেও খুব একটা পার্থক্য নেই। হঠাৎ করে কেউ আসল চিকেনের সঙ্গে এটির পার্থক্য ধরতে পারবেন না। মোটকথা চিকেনের ‘মক’ সংস্করণ পুরোপুরি সয়া দিয়ে তৈরি।
কোহলির আমিষ খাওয়া-না খাওয়া নিয়ে তাঁর ভক্তদের উদ্বেগের অবশ্য কারণ আছে। কয়েক বছর আগে কোহলি মেরুদণ্ডের সমস্যায় ভুগছিলেন। তাঁর শরীর অতিরিক্ত ইউরিক এসিড নিঃসরণ করত বলে খাদ্যাভাসে পরিবর্তন নিয়ে আসতে হয় কোহলিকে। আর সে কারণেই নিজেকে নিরামিষভোজীতে পরিণত করেন।