আইপিএলের সাবেক চেয়ারম্যানের সম্পদের পরিমাণ শুনলে চোখ কপালে উঠবে

২০১০ সালে আইপিএলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদিকে ছাঁটাই করতে বাধ্য হয় ভারতীয় ক্রিকেট বোর্ড(বিসিসিআই) । আইপিএলের প্রধানের দায়িত্ব তখন দেওয়া হয় চিরায়ু আমিনকে। ভারতীয় ক্রিকেটে এর আগ থেকেই অবশ্য পরিচিত ছিলেন আমিন। 

বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে রাজ্য দলকে রঞ্জি ট্রফিতে একটি অবস্থান এনে দেওয়া আমিন তখন বিসিসিআইয়ের সহ-সভাপতিও। ১৭ মাস দায়িত্বে পালন করে আমিন আইপিএলের প্রধান ভূমিকা থেকে সরে যান। 

ফোর্বসের দেওয়া তথ্য অনুযায়ী, চিরায়ু আমিনের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ১৩ হাজার ৩৪০ কোটি রুপি!

ক্রিকেট প্রশাসন অবশ্য চিরায়ু আমিনের মূল পরিচয় নয়, বরং সফল একজন ফার্মাসিউটিক্যাল ব্যবসায়ী হিসেবেই তাঁকে চেনেন সবাই। অ্যালেমবিক ফার্মাসিউটিক্যাল ও অ্যালেমবিক গ্রুপের প্রধান ৭৭ বছর বয়সী ব্যবসায়ী। ১৯০৭ সালে দাদার যে ব্যবসা প্রতিষ্ঠা করেছিলেন, ১৯৬৭ সালে তাতে যোগ দেওয়া চিরায়ু আমিন তাঁকে সাফল্যের চূড়ায় নিয়ে গেছেন। তবে পানীয় পানের জন্য গ্রেপ্তার হওয়া বা পানামা পেপারস কেলেঙ্কারিতে নাম ওঠা- গত কয়েক বছরে নেতিবাচক কারণেই বেশি শোনা গেছে তাঁর নাম।        

ফোর্বসের হিসেব অনুযায়ী গত ১২ ডিসেম্বর চিরায়ু আমিনের মোট সম্পদের পরিমাণ ১৩ হাজার ৩৪০ কোটি রুপি। ১২ ডিসেম্বরের মূল্য অনুযায়ী, শেয়ার বাজারে তাঁর মালিকানাধীন অ্যালেমবিক ফার্মার বর্তমান মূল্য ১৪ হাজার ৮১১ কোটি রুপি বা ১৯ হাজার ৩৪৬ কোটি টাকা।

টানা ২৫ বছর নিজ রাজ্যের ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা আমিন ২০১৩ সালে অ্যাসোসিয়েশনের নির্বাচনে হেরে যান। তবে ২০১৯ সালে তাঁর ছেলে প্রণব আমিন একই পদে জয়ী হয়ে আমিন পরিবারকে বরোদার ক্রিকেটে আবার ফিরিয়ে আনেন।