দশ বছরের নেতৃত্বে পাঁচটি আইপিএলসহ মোট ছয়টি শিরোপা। এমন সোনার ডিম পাড়া অধিনায়ককেই তো দলের নেতৃত্বে ধরে রাখতে চাইবে যে কেউ। এমন ঈর্ষণীয় সাফল্য এনে দেওয়ার পরও রোহিত শর্মার কাঁধ থেকে নেতৃত্বের ভার সরিয়ে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। রোহিত দলে আছেন, তবু হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক বানিয়েছে দলটি।
মুম্বাইয়ের হয়ে খেলেছেন আইপিএলের সাত মৌসুম খেলেছেন পান্ডিয়া। তবে দুই মৌসুম আগে তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয় মুম্বাই। নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটানস তাঁকে নেতৃত্বের লোভ দেখিয়ে নিয়ে যায়। প্রথমবারের সাফল্য, শিরোপা জেতে গুজরাট। পরের মৌসুমের ফাইনালেও উঠেছিল পান্ডিয়ার দল।
অন্যদিকে মুম্বাই শিরোপার স্বাদ পেয়েছে সর্বশেষ ২০২০ সালে। এরপর কখনো ফাইনালেই উঠতে পারেনি দলটি। মুম্বাই সাফল্যের খোঁজে পুরোনো পরীক্ষিত সেনা পান্ডিয়া ফেরাতে উদগ্রীব হয়ে ওঠে। মুম্বাইয়ের আগ্রহ বুঝতে পেরে সুযোগের সদ্ব্যবহার করেন পান্ডিয়া। অধিনায়ক বানানোর শর্তে মুম্বাইয়ে ফেরত এসেছেন তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে, মুম্বাই যখন পান্ডিয়াকে ফেরত যাওয়ার প্রস্তাব দেয়, তিনি সাফ জানিয়ে দেন, অধিনায়ক বানালেই শুধু ফেরত আসবেন। পান্ডিয়ার শর্তে রাজি হয় ফ্র্যাঞ্চাইজি ম্যানেজমেন্ট। পরে বিশ্বকাপের আগমুহূর্তে এ বিষয়ে রোহিতের সঙ্গে আলোচনায় বসে দলটি। নেতৃত্বের বিষয়টি ফ্রাঞ্চাইজির ওপরই ছেড়ে দেন রোহিত।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুম্বাই ইন্ডিয়ান্সের গ্লোবাল হেড অব পারফরম্যান্স মাহেলা জয়াবর্ধনে বলেছেন, ‘এটি ভবিষ্যতে মুম্বাই ইন্ডিয়ান্সের গৌরব ধরে রাখার একটা প্রক্রিয়া মাত্র। শচীন (টেন্ডুলকার) থেকে হরভজন (সিং) ও রিকি (পন্টিং) থেকে রোহিত- মুম্বাই ইন্ডিয়ানস সবসময়ই দুর্দান্ত নেতৃত্বের স্বাদ পেয়েছে। তাঁরা দলকে যেমন সাফল্য এনে দিয়েছেন, তেমনি দলের ভবিষ্যৎ শক্তিমত্তা বৃদ্ধিতেও নজর দিয়েছেন। এই দর্শন মেনে আইপিএলের ২০২৪ মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্ব দেবে হার্দিক পান্ডিয়া।’
পান্ডিয়াকে নতুন অধিনায়ক বানালেও পুরোনো অধিনায়ক রোহিতকে কৃতজ্ঞতা জানাতে ভোলেননি জয়াবর্ধনে, ‘ব্যতিক্রমী নেতৃত্বের জন্য আমরা রোহিত শর্মার প্রতি কৃতজ্ঞ। ২০১৩ সাল থেকে সে মুম্বাই ইন্ডিয়ানসকে যেভাবে নেতৃত্ব দিয়েছে, তা বিস্ময়কর। দলকে অবিশ্বাস্য সাফল্যই শুধু এনে দেয়নি, বরং নিজেকে আইপিএল ইতিহাসে অন্যতম সেরা অধিনায়কের পর্যায়ে নিয়ে গেছে।’
এর আগে ২০১৩ সালে তৎকালীন অধিনায়ক রিকি পন্টিংকে সরিয়ে রোহিতকে অধিনায়কত্ব দেয় মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিতের নেতৃত্বে সে মৌসুমে প্রথমবারের মতো আইপিএল শিরোপা জেতে দলটি। এরপর আরও চারবার আইপিএলে শিরোপা উৎসব করেছে মুম্বাই। আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপা জেতা অধিনায়কের তালিকায় রোহিতের পাশে কেবল মহেন্দ্র সিং ধোনির নাম। এছাড়া রোহিতের অধীনে ২০১৩ চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির শিরোপাও জিতেছিল মুম্বাই।
সংবাদ বিজ্ঞপ্তিতে রোহিতের উদ্দেশ্যে মুম্বাই ইন্ডিয়ানসেরও বার্তা ছিল। সাবেক অধিনায়কের উদ্দেশ্যে ফ্রাঞ্চাইজিটি লিখেছে, ‘২০১৩ সালে আপনি মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্ব নিয়েছেন। আপনি আমাদের বিশ্বাস করতে শিখিয়েছেন। জয়-পরাজয়ে আপনি আমাদের হাসতে শিখিয়েছেন। ১০ বছরে ছয় শিরোপা এবং আজ আমরা এই পর্যায়ে। আমাদের চিরকালীন অধিনায়ক, আপনার মাহাত্ম্য নীল-সোনালীতে (মুম্বাই ইন্ডিয়ান্সের রং) খোদাই করা থাকবে।’
এদিকে মুম্বাই ইন্ডিয়ান্সে ফেরা প্রসঙ্গে নিজের অনুভূতি প্রকাশ করেছেন পান্ডিয়া, ‘নানা কারণেই মুম্বাইতে ফিরে আসা আমার জন্য বিশেষ কিছু। ২০১৫ সালে মুম্বাইয়ের হয়ে ক্রিকেটে পথচলা শুরু হয় আমার। তাঁরা ২০১৩ সাল থেকেই আমার ওপর নজর রেখেছে। পেছনে ফিরে দেখলে দশ বছর খুব আশ্চর্যজনক মনে হয়। যেখানে শুরু করেছিলাম, অবশেষে সেখানে ফেরত এলাম। ক্রিকেটে যা কিছু অর্জন করা সম্ভব, আমি সব জিতেছি।’