এমন ভুলও কেউ করে! তার চেয়েও বড় প্রশ্ন এখন সম্ভবত এটি যে, এমন ভুল করার পর জনসমক্ষে কেউ এভাবে সেটা জানায়!
আইপিএল নিলামে পাঞ্জাব কিংস আজ এমনই এক কান্ড ঘটিয়েছে। ভুল করে শশাঙ্ক সিং নামের এক খেলোয়াড়কে কিনেছে। কিন্তু সে ভুল থেকে আর 'রিডেম্পশান' বা মুক্তি পাওয়া হলো না তাদের।
ছত্তিশগড়ের ৩২ বছর বয়সী শশাঙ্ক আগে খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদে। কিন্তু সানরাইজার্স তাঁকে ছেড়ে দেওয়ার পর গত মৌসুমেও নিলাম থেকে শশাঙ্ককে কেনেনি কোনো দল। এবার তাঁর ভিত্তিমূল্য ছিল ২০ লাখ রূপি।
নিলামে তাঁর নাম ওঠার পর পাঞ্জাব দর হাঁকায়। আর কোনো দল দর না হাঁকানোয় ২০ লাখেই বিক্রি হন শশাঙ্ক। কিন্তু এরপরই গন্ডগোল!
নিলাম পরিচালনাকারী মল্লিকা সাগরের হাতুড়ির বাড়ি পড়ার পরই ভুল বুঝতে পারেন পাঞ্জাব কিংসের মালিক নেস ওয়াদিয়া ও প্রীতি জিনতা। নিলাম পরিচালনাকারীকে জানালেন, তাঁরা শশাঙ্ককে অন্য খেলোয়াড় ভেবে কিনে ফেলেছেন। অনুরোধ জানান, যাতে শশাঙ্ক সিংকে আবার নিলামে ওঠানো হয়। কিন্তু মল্লিকা সাগর জানান, হাতুড়ির বাড়ি পড়ে যাওয়ার পর আর কিছু করার সুযোগ নেই। শশাঙ্ককে নিতেই হবে পাঞ্জাবের!
অগত্যা পাঞ্জাব শশাঙ্ককে দলে নেয়। তবে এ নিয়ে সমালোচনা হচ্ছে অনেক। প্রথমত, পাঞ্জাব এভাবে ভুল করে এক খেলোয়াড়কে কেনা তাদের পরিকল্পনার ঘাটতির কথাই বলে। আইপিএল নিলামের বিশ্লেষণে নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হেসনও তা-ই বললেন। দ্বিতীয়ত, সমালোচনা উঠছে ভুল বুঝতে পারার পর পাঞ্জাবের প্রতিক্রিয়া নিয়ে।
এভাবে সবার সামনে শশাঙ্ককে আবার নিলামে ওঠাতে বলা শশাঙ্কের প্রতি অসম্মান দেখানো বলেই মনে করছেন অনেকে। তা ছাড়া সবার সামনে যখন জানানো হলো যে শশাঙ্ককে তাঁরা ভুল করে কিনেছেন, এরপর শশাঙ্কের জন্য পাঞ্জাবের দলে যোগ দেওয়াও বিব্রতকর হতে পারে বলে শঙ্কা অনেকের।
মার্চে শশাঙ্ক পাঞ্জাবের অনুশীলনে যোগ দেবেন কি না, সে নিয়ে এখন দ্বিতীয়বার ভাবলেও তাঁকে সম্ভবত দোষ দেওয়া যাবে না!