রাজকুমার হিরানির মুন্না ভাই এমবিবিএস চলচ্চিত্র ফিরিয়ে দেওয়ার দুঃখ অনেকদিন বয়ে বেড়িয়েছেন শাহরুখ খান। থ্রি ইডিয়টস-এও আমির খানকে দেখা গেছে। এবার কোনো সুযোগ নেননি। ডানকি দিয়ে হিরানির সঙ্গে কাজ করার ইচ্ছেটা পূরণ করেছেন শাহরুখ।
এ বছর এরই মধ্যে দুটি সুপার হিট সিনেমা বের হয়েছে শাহরুখের। আজ মুক্তি পেয়েছে ডানকি। আগামীকাল বাংলাদেশেও দেখা যাবে হিরানি-শাহরুখের প্রথম চলচ্চিত্র। যে আভাস মিলছে, বছরের শেষেও একটা ব্লকবাস্টার উপহার দিতে যাচ্ছেন শাহরুখ।
গত ১৯ ডিসেম্বর দুবাইয়ে আইপিএলের নিলাম হয়েছে। গত সাত বছর ধরে আইপিএল না খেলা মিচেল স্টার্ককে কিনতে আইপিএলের সর্বকালের সব রেকর্ড ভেঙেছে শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্স। কিছুক্ষণ আগেই প্যাট কামিন্সকে কিনতে ২০ কোটি ৫০ লাখ রুপি খরচ করে রেকর্ড গড়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। আর স্টার্কের জন্য কলকাতা ২৪ কোটি ৭৫ লাখ রুপি ব্যয় করে সে রেকর্ড ভেঙে দিয়েছে।
গত কিছুদিন ডানকির মুক্তি উপলক্ষ্যে ভক্তদের সঙ্গে বেশ সময় কাটাচ্ছেন শাহরুখ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ(সাবেক টুইটার) সুযোগ পেয়ে তাই এক সমর্থক মজা করে প্রশ্ন করেছিলেন, মুক্তির প্রথম দিনে ডানকি যত আয় করবে সেটা মিচেল স্টার্কের দামের চেয়ে বেশি হবে কিনা?
মজার এক উত্তর দিয়েছেন শাহরুখ। তাতে অবশ্য স্পষ্ট ডানকির সাফল্য পাওয়া নিয়ে তার মনে কোনো সন্দেহ নেই, ‘এটা কী ধরনের প্রশ্ন? খুবই মশলাদার। ডানকিতে যে টাকা পাব তা (স্টার্ক) নিয়ে গেল, এই তো!’
৩৩ বছর হয়ে গেলেও মাত্র দুই আইপিএলে দেখা গেছে স্টার্ককে। সে দুই টুর্নামেন্টে ২৭ ম্যাচে ৩৪ উইকেট পাওয়া স্টার্ককে নিয়ে তাই অনেক দলেরই আগ্রহ ছিল। ওদিকে কামিন্সের অধিনায়কত্ব ও বোলিং দক্ষতা তাঁর দাম বাড়িয়েছে। এর আগে ২০২০ সালে কলকাতাই কামিন্সের জন্য ১৫ কোটি ৫০ লাখ রুপি খরচ করেছিল।
এদিকে মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সের জন্য ৪৫ কোটি রুপির বেশি খরচ করে ফেললেও তাঁদের অস্ট্রেলিয়ান সতীর্থকে জশ হ্যাজলউডকে কোনো দল কেনেনি।