বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে নেই উইলিয়ামসন

হাঁটুর চোটে বাংলাদেশের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে খেলছেন না কেইন উইলিয়ামসন। টি-টোয়েন্টি সিরিজে ফেরার কথা ছিল পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা কিউই অধিনায়কের। তবে আগামী ২৭ ডিসেম্বর শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের আগে পুরোপুরি সেরে উঠতে পারবেন না উইলিয়ামসন। সে কারণে এ সিরিজ থেকে ছিটকে গেছেন উইলিয়ামন।

অন্যদিকে বাংলাদেশে টেস্ট সিরিজে পাওয়া হ্যামস্ট্রিংয়ের চোটে টি-টোয়েন্টি সিরিজে খেলা হবে না কিউই পেসার কাইল জেমিসনেরও।

এ দুজনের জায়গায় দলে ডাক পেয়েছেন রাচিন রবীন্দ্র ও জ্যাকব ডফি। উইলিয়ামসন না থাকায় অধিনায়কের ভূমিকায় দেখা যাবে মিচেল স্যান্টনারকে।

গত আইপিএলে পাওয়া হাঁটুর চোটে সাত মাস মাঠের বাইরে থাকতে হয়েছে উইলিয়ামসনকে। নিউজিল্যান্ড ক্রিকেড বোর্ড (এনজেডসি) জানিয়েছে, সম্প্রতি ভারত ও বাংলাদেশে খেললেও পুরোপুরি ফিট হতে উইলিয়ামনকে পুনবার্সনে থাকতে হবে।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজগুলোত্র পুরোপুরি চোটমুক্ত জেমিসনকে চায় নিউজিল্যান্ড। সে কারণে এ দুইজনকে খেলিয়ে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে চায় না কিউইরা।

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে উইলিয়ামসন ও জেমিসনকে না পাওয়া প্রসঙ্গে নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘কেইন (উইলিয়ামসন) ও কাইল (জেমিসন) দুজনকেই আমরা সামনের দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া সিরিজে সম্ভাব্য সেরা অবস্থায় পেতে চাই। মেডিকেল স্টাফ এবং সংশ্লিষ্ট খেলোয়াড়ের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের জন্য পুনর্বাসন ও কন্ডিশনিংই সেরা উপায় মনে হয়েছে।’

আগামী ২৭ ডিসেম্বর নেপিয়ারে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। সিরিজের পরের দুটি ম্যাচ হবে মাউন্ট মঙ্গানুইতে, ২৭ ও ৩১ ডিসেম্বর।

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল:

মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডফি, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, টিম সেইফার্ট, ইশ সোধি ও টিম সাউদি।