ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে দুই দলের অধিনায়কের কাছেই উইকেট নিয়ে প্রশ্ন করা হয়েছিল। কেউই স্পষ্ট জানেন না কেমন হতে যাচ্ছে মিরপুরের উইকেট। অনেকের ধারণা মিরপুরে ফিরছে আবারও সেই স্পিন জাল।
কিন্তু মিরপুরের রহস্যময় উইকেট নিয়ে শান্ত অকপটে বলে দিয়েছেন তিনি এখন কিছুই জানাবেন না।
কারণ কিছু বললেই ধারণা পেয়ে যেতে পারে ওয়েস্ট ইন্ডিজ। এই ব্যাপারে শান্ত বলেন, ‘অবশ্যই এখন পেস বোলিং এবং স্পিন বোলিং- দুই দিকেই আমরা ভালো অবস্থানে আছি। তাই এটা নিয়ে এখানে বলতে চাই না... ওয়েস্ট ইন্ডিজও প্রেস কনফারেন্সে দেখতে পারে। আমার মনে হয় যে, কন্ডিশনটা আমাদের জন্য যেটা মানানসই হবে, ওই অনুযায়ী আমরা যাব।’
শান্ত ধারণা না দিলেও সফরকারীরা অনেকটা ধরে নিয়েছেন স্পিন উইকেটে হতে যাচ্ছে মিরপুর টেস্ট। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রস্টন চেইসের মতে, মিরপুরে অন্য যেকোনো সময়ের মতো স্পিন সহায়ক উইকেটই দেখা যেতে পারে।
‘ঘাস দেখে মনে হতে পারে যে এটি স্পিন-বান্ধব হতে পারে। কিন্তু একটু খুঁটিয়ে দেখলে মনে হয়, এর নিচের অংশ এখনও কিছুটা শুষ্ক। আর এটা তো বাংলাদেশ। বাংলাদেশ মূলত স্পিনের জন্যই বেশি পরিচিত, তাই আমাদের ধারণা এখানেও কিছুটা স্পিন দেখা যাবে’- উইকেট নিয়ে চেইস।
তবে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোস্টন চেজ মনে করেন, সকাল হতে হতে আরও বদলে যাবে উইকেটের ধরন, ‘গতকাল আমি উইকেট দেখেছি। তবে আমার মনে হয় না আগামীকালও উইকেটটা এমন থাকবে। সম্ভবত আরও কিছুটা ঘাস ছেঁটে ফেলা হবে কিংবা উইকেট তৈরির কাজ আরও কিছুটা করা হবে।’
উইকেট কেমন হবে তা নিয়ে অনেকটা গোলকধাঁধা দেখা গেলেও শান্তর না বলা এবং চেইসের স্পিন ধারণা অনেকটা ইঙ্গিত হিচ্ছে স্পিন জাল হতে যাচ্ছে মিরপুরে। আগামীকাল সকাল ১০টায় শুরু হবে মিরপুর টেস্ট।


