বিপিএলের দশম আসরের প্রথম দিনেই মাঠে নেমে হারের মুখ দেখেছে গতবারের ফাইনালিস্ট সিলেট স্ট্রাইকার্স। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স সিলেটের দেওয়া ১৭৮ রানের লক্ষ্য ৯ বল ও ৭ উইকেট হাতে রেখেই টপকে যায়। শেষ ৫৪ বলে ১০১ রানের প্রয়োজন ছিল সাগর পারের দলটির। এমন বড় সমীকরণ শাহাদাত হোসেন দিপু ও নাজিবুল্লাহ জাদরান টপকে যান অনায়াসে।
দুই ব্যাটার মিলে তৃতীয় উইকেটে ১২১ রানের বিশাল জুটি গড়েন যা চট্টগ্রামকে আসরের প্রথম জয় এনে দেয়। তবে দুই ব্যাটারের এমন নৈপুণ্যের আড়ালে রয়েছে সিলেট ফিল্ডারদের অবদান। আফগানিস্তানের ব্যাটার নাজিবুল্লাহর দুইটি এবং দীপুর একটি ক্যাচ ছেড়েছেন স্ট্রাইকার্স ফিল্ডাররা। ম্যাচশেষে বাজে ফিল্ডিংকেই কাঠগড়ায় তুললেন সিলেট অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘আপনারা দেখেছেন, অল্প সময়ের মাঝে তিনটা ক্যাচ, টি-টোয়েন্টিতে কামব্যাক করা খুবই কঠিন। কারণ উইকেটে তো ডিউ করে আস্তে আস্তে ভালো হচ্ছিলো। তখন আসলে ব্রেক দরকার ছিল। আমাদের সুযোগ ছিল কিন্তু আমরা হাতে নিতে পারিনি। আর টি-টোয়েন্টিতে এমন একটা জিনিস যে ভালো বলও ব্যাটাররা মারে বা শটস খেলে। সেখানে ক্যাচ ছাড়লে তো আর সুযোগ থাকে না। একটা হলে তাও পূরণ করা যায় তিনটা হলে তো আর পূরণ করা যায় না।’
‘এই সিজন তো কেবল শুরু হলো। এমনও হতে পারে এই দল ভালো খেলছে না। এটা খুবই স্বাভাবিক, এটা তো ক্রিকেটে হতেই পারে। আগেরবার ফাইনালে খেলেছি বলে এইবারও যে টপে যেতে পারব এরকম তো কথা নেই। আমাদের কাজ হচ্ছে শেষ পর্যন্ত লড়াই করা। কেবল একটা ম্যাচ হয়েছে দেখা যাক সামনে কি হয়। তবে টি-টোয়েন্টিতে চ্যালেঞ্জিং। অন্যান্য দলের সঙ্গে তুলনা করলে অবশ্যই চ্যালেঞ্জিং হবে’- আরও যোগ করেন মাশরাফি।