তামিমের 'ওয়ানডে'র পর মুশফিকের ঝড়ে বরিশালে রানের বান

এর আগে পাঁচটি ম্যাচ হয়েছে এবারের বিপিএলে। দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের ১৭৭ রানের জবাবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ১৮০ রান করে জিতেছিল। এর বাইরে কোনো ম্যাচেই ১৫০ রানও করতে পারেনি কোনো দল।

সে হিসেবে আজ ফরচুন বরিশাল রানের বানই নামিয়েছে মিরপুরে। খুলনা টাইগার্সের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে তামিম ইকবালের এনে দেওয়া দারুণ শুরুর পর শেষদিকে মুশফিকুর রহিমের ঝড়ে ২০ ওভারে ৪ উইকেটে ১৮৭ রান করেছে বরিশাল। এখন পর্যন্ত এবারের বিপিএলের সর্বোচ্চ স্কোর এটিই।

তামিম একেবারে আগ্রাসী ব্যাটিং করেননি, তাঁর ৩৩ বলে ৪০ রানের ইনিংসটাকে বড়জোর ‘ওয়ানডে’ ইনিংস বলা যায়। কিন্তু তামিম যা করেছেন, তা হলো, এক প্রান্তে ভরসা দিয়ে গেছেন। ইব্রাহিম জাদরান (১৬ বলে ১১) দ্রুত ফিরেছেন, রানের গতিও বাড়াতে পারেননি, ফলে পাওয়ার প্লে-র ৬ ওভারে বরিশাল পায় ৪৪ রান।

অষ্টম ওভারে সৌম্য সরকারও (১০ বলে ১৭) ফিরেছেন হতাশ করে। কিন্তু চারে মুশফিক নামার পর তামিম-মুশফিকের জুটিই পথ দেখায় বরিশালকে। ১৪তম ওভারে তামিম উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন, তাঁর ৫ চারে সাজানো ইনিংসটির আগে তৃতীয় উইকেটে তামিম-মুশফিকের জুটিতে ৪৩ বলে আসে ৫৭ রান।

ওই ভিতে দাঁড়িয়েই ঝড় তোলেন মুশফিক। পাঁচে নেমে মাহমুদউল্লাহ ১৯ বলে ২ চার ২ ছক্কায় ২৭ রানে গতি বাড়িয়ে দিয়েছেন, অন্যপ্রান্তে মুশফিকও থেমে ছিলেন না। ৩২ বলেই ফিফটিতে পৌঁছে যান (৩ চার ৩ ছক্কা), শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৩৯ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৬৮ রান করে। মুশফিক-মাহমুদউল্লাহর সৌজন্যে শেষ ৪ ওভারেই বরিশাল তুলেছে ৫২ রান।