বাংলাদেশের ‘দুর্জয়’ কীর্তিকে দুইয়ে ঠেলে হলো ব্র্যান্ড-নিউ রেকর্ড

তাঁর নামটাই তাঁর রেকর্ডের মতো – দুর্জয়। জয় করা কেন কঠিন, সে তো রেকর্ডটা টিকে থাকার সময়কালই বলবে। বাংলাদেশের অভিষেক টেস্টে নাঈমুর রহমান দুর্জয় যে রেকর্ড গড়েছিলেন, সে রেকর্ড ভাঙতে ২৪ বছর লেগে গেল। অভিষেক টেস্টে অধিনায়ক হিসেবে দুই যুগ ধরে দুর্জয়ের কীর্তিটাই সবার ওপরে ছিল।

ভারতের বিপক্ষে ২০০০ সালের নভেম্বরের সে টেস্টটা ছিল বাংলাদেশেরই প্রথম টেস্ট। অধিনায়ক দুর্জয় সেদিন ১৪৫ রানে নিয়েছিলেন ৬ উইকেট। বাংলাদেশ অফস্পিনারের সে কীর্তি এতদিন পর আলোচনায় আসছে মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক নিল ব্র্যান্ডের কারণে।
 
দুর্জয় রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছেন অভিষেকেই দক্ষিণ আফ্রিকার অধিনায়কত্ব পাওয়া ব্র্যান্ড। তিনিও ৬ উইকেটই পেয়েছেন, তবে রান দিয়েছেন ১১৯। তাতেই দুর্জয়কে দুইয়ে ঠেলে গড়লেন ‘ব্র্যান্ড নিউ’ রেকর্ড!
  
ব্র্যান্ড অভিষেকেই দক্ষিণ আফ্রিকার মতো দলের অধিনায়কত্ব পাওয়া মানে এই সিরিজে দক্ষিণ আফ্রিকা যে ভাঙাচোরা এক দল নিয়ে এসেছে, তা বুঝতে কষ্ট হয় না। মাউন্ট মঙ্গানুইতে ভাঙাচোরা এই দলটা ধুঁকছে। টেস্টের দ্বিতীয় দিনে ব্র্যান্ডের কীর্তির পরও নিউজিল্যান্ড প্রথম ইনিংসে করেছে ৫১১ রান। দিন শেষে দক্ষিণ আফ্রিকার রান ৪ উইকেটে ৮০। 

ব্র্যান্ডের কীর্তিতে বাংলাদেশ মিশে আছে বলে এ নিয়ে আলোচনা, না হলে নিউজিল্যান্ড ইনিংসে আরেকটি রেকর্ডও ভাঙা হয়ে গেছে। সেটিও ২৫ বছর পুরোনো এক রেকর্ড। গতকাল প্রথম দিনেই টেস্টে নিজের প্রথম সেঞ্চুরি পেয়ে যাওয়া কিউই ব্যাটসম্যান রাচিন রবীন্দ্র আজ ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন। তাতেই রেকর্ড। নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে টেস্টে নিজের প্রথম সেঞ্চুরিতে সর্বোচ্চ রানের ইনিংস (২১৪) খেলেছিলেন ম্যাথিউ সিনক্লেয়ার। ১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গড়া সিনক্লেয়ারের সেই রেকর্ডকে আজ দুইয়ে ঠেলে দিয়েছেন রবীন্দ্র। আউট হওয়ার আগে তিনি করেছেন ২৪০ রান।
 
বাংলাদেশে বিপিএল, আমিরাতে আইএলটি২০ চলছে, পাকিস্তানে শুরু হবে পিএসএল – চারিদিকে টি-টোয়েন্টির এই রমরমায় গুরুত্ব হারাচ্ছে টেস্ট। যার প্রমাণ নিউজিল্যান্ডে দক্ষিণ আফ্রিকার দল। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলোয়াড়রা চলে যাওয়ায় দক্ষিণ আফ্রিকা সেখানে গেছে রীতিমতো ‘বি’ দল নিয়ে। 

১৪ সদস্যের দলে এর আগে টেস্ট খেলার অভিজ্ঞতাই ছিল না ৭ জনের, যাঁদের মধ্যে নিল ব্র্যান্ডও একজন! এমনই অবস্থা যে, অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক স্টিভ ওয়াহ বলেছিলেন, টেস্ট ক্রিকেটকে অসম্মান করেছে দক্ষিণ আফ্রিকা, তাদের বিরুদ্ধে খেলা উচিত নয় নিউজিল্যান্ডের!
 
সব সমালোচনা পেছনে ফেলে গতকাল শুরু হয় সিরিজের প্রথম টেস্ট। শুরুটা অবশ্য দক্ষিণ আফ্রিকারই ভালো হয়েছিল। ৩৯ রানে কিউই দুই ওপেনারকে ফিরিয়ে দেয় তারা, কিন্তু এরপর তৃতীয় উইকেট জুটিতে দলের হাল ধরেন কেইন উইলিয়ামসন ও রাচিন রবীন্দ্র। এমনই যে, গতকাল সারা দিনে আর উইকেট হারায়নি নিউজিল্যান্ড! 

গতকাল প্রথম দিনেই দুজন সেঞ্চুরি পেয়ে গিয়েছিলেন, নিউজিল্যান্ড দিন শেষ করে ২ উইকেটে ২৫৮ রান নিয়ে। আজ দিনের শুরুতে অবশ্য কেইন উইলিয়ামসনের ১১৮ রানের দারুণ ইনিংসের সমাপ্তি হলো। এরপর ব্র্যান্ড একদিকে উইকেট নেওয়া শুরু করেছেন, অন্যদিকে এক প্রান্ত আগলে রেখে রীতিমতো ঝড় তুলেছেন তরুণ অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। শুধু ষষ্ঠ উইকেটেই যা গ্লেন ফিলিপস (৩৯) তাঁকে সঙ্গ দিতে পেরেছেন, দুজন মিলে গড়েছেন ৮২ রানের জুটি।
 
ওয়ানডে বিশ্বকাপ দিয়ে নিজেকে ক্রিকেট মানচিত্রে চেনানো রবীন্দ্র ক্যারিয়ারের চতুর্থ টেস্ট খেলছেন। ২৪ বছর বয়সী বাঁহাতি অলরাউন্ডার কাল সেঞ্চুরি তুলে নিলেও সেখানেই থামেননি। সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে পরিণত করেছেন আজ (৩৪০ বলে, ২১ চার ১ ছক্কায়)। শেষ পর্যন্ত ২৪০ রান করে বোল্ড হয়েছেন ব্র্যান্ডের বলে। তার আগেই ২৫ বছর পুরোনো রেকর্ডটাও ভাঙা হয়ে গেছে!  

এরপর বাকি ছিল ব্র্যান্ডের ঝলকানি। তাঁর তৃতীয় শিকার হয়ে রবীন্দ্র আউট হওয়ার সময় নিউজিল্যান্ডের রান ছিল ৪৭৪/৭, নিজের পরের দুই ওভারেই কিউইদের বাকি তিন উইকেট তুলে নিয়েছেন ব্র্যান্ড। দুর্জয়কে জয় করে নতুন রেকর্ডও গড়ে ফেলেছেন।