পাকিস্তান শুধু উত্তেজনাই ছড়াল, ভারতের সঙ্গে ফাইনাল খেলার সুযোগ পেল না

ক্রিকেট যে অনিশ্চয়তার খেলা তা আবারও প্রমাণিত হলো দক্ষিণ আফ্রিকার বেনোনিতে। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল যেন হয়ে উঠেছিল রুদ্ধশ্বাস এক নাটকের মঞ্চ। পাকিস্তানের দেওয়া ১৮০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ১৬৪ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে, ফাইনালে খেলার স্বপ্ন আরও জোরাল হয় পাকিস্তানের। উজ্জ্বল হয় বিশ্বকাপ ফাইনালে ভারত-পাকিস্তান দ্বৈরথ দেখার স্বপ্ন।
 
কিন্তু শেষ পর্যন্ত সে আশার গুঁড়ে বালি। অস্ট্রেলিয়া হারতে হারতেও হাল ছাড়েনি, শেষ উইকেটে খেলা টেনে নিয়ে গেছে শেষ ওভার পর্যন্ত। প্রতি বলে বলে রোমাঞ্চ আর উত্তেজনা পারদ চড়েছে। তবে শেষ পর্যন্ত শেষ ওভারের প্রথম বলে চার মেরে ম্যাচটা ১ উইকেটে জিতে গেল অস্ট্রেলিয়াই!
 
ফাইনালের উত্তেজনা সেমিফাইনালেই গায়ে মেখে বাড়ি ফিরল পাকিস্তান। আগামী রোববার ফাইনালে লড়বে ভারত ও অস্ট্রেলিয়া। 

ফাইনালে যাওয়ার লড়াইয়ে শুরুতেই টস ভাগ্য অস্ট্রেলিয়ার পক্ষে যায়। আগে ব্যাট করতে নেমে অজি বোলারদের তোপের মুখে পড়ে পাকিস্তানের টপ অর্ডার। ব্যাটিং পাওয়ার প্লেতেই মাত্র ২৭ রানে দুই ওপেনার সাজঘরে ফিরে গেলে চাপে পড়ে পাকিস্তান।
 
মিডেল ওভারে পাকিস্তানের ব্যাটসম্যানরা দলের হাল ধরতে গিয়ে ব্যর্থ হয়েছেন। অস্ট্রেলিয়ার পেসারদের গতির কাছে অসহায় হয়ে পড়ে পাকিস্তান। দলীয় ৭৯ রানে ৫ উইকেট হারিয়ে দ্রুত অলআউটের শঙ্কা জাগে। ত্তবে ষষ্ঠ উইকেট জুটিতে দলের হাল ধরেন আরাফাত মিনহাস ও আজান আইওয়াজ।

দুজন মিলে ৫৪ রানের জুটি গড়লেও অজি পেসার টম স্ট্রেকারের গতির কাছে পাকিস্তানি ব্যাটারদের প্যাভিলিয়নে আশা যাওয়ার মিছিল শুরু হয়। শেষ পর্যন্ত আরো ৭ বল বাকি থাকতেই ১৭৯ রানে গুটিয়ে যায় পাকিস্তান।
 
ফাইনালে উঠার লড়াইয়ে ১৮০ রানের লক্ষ্যে ভালো সূচনা পায় অস্ট্রেলিয়া। তবে মিডেল ওভারে অজিদের ৫৯ রানে ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার আভাস দেয় পাকিস্তান। কিন্তু ওপেনার হ্যারি ডিক্সনের ফিফটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় অস্ট্রেলিয়া।
 
দলীয় ১০২ রানে ডিক্সন ফিরে গেলেও এক প্রান্ত আগলে রাখেন অলিভার পিক। এই বাঁহাতি ব্যাটার অস্ট্রেলিয়াকে যখন জয়ে দ্বারপ্রান্তে দিয়ে যাচ্ছিল ঠিক তখনই পেসার আলি রাজা ও স্পিনার আরাফাত মিনহাস পাকিস্তানকে আবারো ম্যাচে ফেরায়।

এবার শুধু তারা ম্যাচেই ফিরেনি। ১৪৬ রানে ৫ উইকেট থেকে অস্ট্রেলিয়ার ১৬৪ রানে ৯ উইকেট তুলে নিয়ে ফাইনাল খেলার স্বপ্ন উজ্জ্বল করে পাকিস্তান। কিন্তু শেষ উইকেটে অজি স্পিনার রাফ ম্যাকমিলানের দায়িত্বশীল ১৯ রানের ইনিংসে ৫ বল আগেই ১ উইকেটের রুদ্ধশাস জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। 

আগামী ১১ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে যুব বিশ্বকাপের ফাইনালে মাঠে নামবে অস্ট্রেলিয়া।