বাংলাদেশে আসার আগে আইসিসির কাছ থেকে দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা

আগামী মাসে তিন টি-টোয়েন্টি, তিন ওয়ানডে ও দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা। তার আগে আজ আইসিসির কাছ থেকে একটা দুঃসংবাদ পেল লঙ্কান দল, তাদের টি-টোয়েন্টি দলের অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গাকে দুটি টি-টোয়েন্টি ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি।

কদিন আগে নিজেদের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজের তৃতীয় ম্যাচে হেরে যায় শ্রীলঙ্কা। সে ম্যাচের শেষ ওভারে একটা নো বল না দেওয়া নিয়ে আম্পায়ারের সঙ্গে লেগে যায় লঙ্কানদের। এমনই ক্ষুব্ধ হয়েছিলেন হাসারাঙ্গা যে, ম্যাচের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, আম্পায়ার লিন্ডন হ্যানিব্যালের উচিৎ অন্য চাকরি দেখা!

আইসিসির আচরণবিধির ২.১৩ ধারা অনুযায়ী ‘আন্তর্জাতিক ম্যাচে কোনো খেলোয়াড়, খেলোয়াড়দের সাহায্যকারী কোনো ব্যক্তি, আম্পায়ার বা ম্যাচ রেফারিকে ব্যক্তিগত আক্রমণে’র বিধি ভাঙায় হাসারাঙ্গাকে ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা করার পাশাপাশি তিনটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি।

এতে গত ২৪ মাসের মধ্যে হাসারাঙ্গার ডিমেরিট পয়েন্ট পাঁচটি। যার অর্থ, এক টেস্ট অথবা দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টির মধ্যে যা আগে আসবে, তাতে নিষিদ্ধ হওয়ার কথা ছিল হাসারাঙ্গার। শ্রীলঙ্কার পরের ম্যাচ বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। ফলে সে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে নিষিদ্ধ থাকছেন হাসারাঙ্গা।