মাসের শুরুতেই পেয়েছেন দুঃসংবাদ। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজের দল থেকে নাম সরিয়ে নেওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চুক্তি থেকে নাম কাটা পড়েছে হারিস রউফের। পাকিস্তানের সবচেয়ে দ্রুততম বোলার সে ধাক্কা সামলেই পিএসএলে পারফর্ম করছিলেন।
গতকাল করাচি কিংসের বিপক্ষে লাহোর কালান্দার্সের সেরা বোলার ছিলেন রউফই। কিন্তু ম্যাচ শেষ হওয়ার আগেই এ বছরের জন্য পিএসএল থেকে ছিটকে পড়েছেন পাকিস্তানি ফাস্ট বোলার।
গতকাল ইনিংসের শেষ ওভারে হাসান আলীর ক্যাচ ধরতে গিয়ে রউফের কাঁধের হাড় সরে গেছে। মেডিক্যাল টিম ধারণা করছে, চার থেকে ছয় সপ্তাহ লাগবে পাকিস্তানি পেসারের সেরে উঠতে।
কালান্দার্সের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘অনেক বড় চোট না, বা কোনো হাড় ভাঙেনি। কিন্তু পাকিস্তানের জন্য মহামূল্যবান সম্পদ বিবেচনায়, তাঁর জাতীয় দলে খেলা ঝুঁকির মুখে ফেলতে চাইনি। ’
এদিকে অধিনায়ক শাহিন আফ্রিদি বলেছেন, দলের মূল তারকাদের একজনের অভাব বোধ করবেন তাঁরা, ‘আমাদের দলের জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা। কিন্তু সে পাকিস্তানেরও মূল বোলার। যেহেতু সামনে অনেক খেলা আছে, তাই সেরে উঠতে যেন পর্যাপ্ত সময় পায়, সে জন্য এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
গত নভেম্বরে অস্ট্রেলিয়া সফরের জন্য পাকিস্তান দল ঘোষণার সময় প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ জানান, রউফ টেস্ট দলে থাকবেন না বলে জানিয়ে দিয়েছেন। সাদা বলে মনোযগ দিতে এবং নিজের চাপ কমাতে তাঁর এ সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি বোর্ড।
কেন্দ্রীয় চুক্তি থেকে তাঁকে শুধু বাদই দেওয়া হয়নি, আগামী জুন পর্যন্ত বিশ্বের অন্য লিগগুলোতে খেলার অনাপত্তিপত্রও তাঁকে না দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে পিসিবি।