শ্রীলঙ্কার বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

দীর্ঘ তিন বছর পর বাংলাদেশ সফরে এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। তবে ২০২১ সালে মাত্র তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য লঙ্কানরা এলেও এবার তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সফর খেলতে এসেছে দলটি। সিলেটে আজ সন্ধ্যায় প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ।

বিপিএলের পর মাত্র দুই দিনের বিরতি দিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা নামছে আন্তর্জাতিক ক্রিকেটে। তিন ফরম্যাটের অধিনায়কত্ব পাওয়ার পর টি-টোয়েন্টি সিরিজ দিয়ে প্রথমবারের মতো নতুন আনুষ্ঠানিকভাবে দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত।

সাকিব আল হাসান জাতীয় দলের দায়িত্ব ছাড়ার পর সম্প্রতি তিন ফরম্যাটের অধিনায়ক করা হয়েছে শান্তকে। অধিনায়ক হিসেবে সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবেন তিনি।

তবে নতুন দায়িত্ব পাওয়া শান্তর সামনে বড় চ্যালেঞ্জ প্রথম ম্যাচের একাদশ সাজানো। সাকিব আল হাসান এই সিরিজে না থাকায় দলের ব্যাটিং নিয়ে বাড়তি ভাবনা থেকেই যাচ্ছে। বিশেষ করে টি-টোয়েন্টির স্কোয়াডে একাধিক ওপেনার থাকায় একাদশ নির্বাচনে অনেকটাই চিন্তার ভাঁজ থাকবে টিম ম্যানেজমেন্টের।

নিয়মিত ওপেনার লিটন দাস একাদশে থাকছেন তা নিশ্চিত। তবে কে হবেন তাঁর সঙ্গী, তা নিয়ে চলছে আলোচনা। কারণ, দ্বিতীয় ওপেনারের দৌড়ে আছেন স্কোয়াডে থাকা আরও তিন ওপেনার- সৌম্য সরকার, মোহাম্মদ নাইম শেখ ও এনামুল হোক বিজয়। তবে বল হাতে অলরাউন্ড পারফরম্যান্স এগিয়ে রেখেছে সৌম্য সরকারকে।

এদিকে মিডল অর্ডারের অন্যতম ভরসার নাম হয়ে উঠেছেন বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তাওহীদ হৃদয়। তাঁর সঙ্গে থাকবেন আরেক আস্থার নাম মাহমুদউল্লাহ রিয়াদ। এদিকে অভিষেকের অপেক্ষায় আছেন বিপিএলে নজর কেড়ে শেষ মুহূর্তে স্কোয়াডে ডাক পাওয়া জাকের আলী অনিক।

স্পিনার হিসেবে একাদশে জায়গা পাচ্ছেন দুই জন তা নিশ্চিত, পিচের কন্ডিশন দেখে তিন স্পিনার খেলাতে চাইলেও টাইগার ম্যানেজমেন্টের কাছে বাড়তি সুযোগ রয়েছে। শেখ মেহেদী একাদশে থাকছেন নিশ্চিত, তাঁর সঙ্গে জায়গা পাচ্ছেন বিপিএলে ৫.৬৫ ইকোনমিতে বোলিং করা তাইজুল ইসলাম। এদিকে তৃতীয় স্পিনার নিতে চাইলে রিশাদ হোসেনও থাকবেন কোচের চিন্তায়। অপরদিকে পেস বোলিং ইউনিটে থাকছেন দেশসেরা তিন পেসার- তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।

সিলেটে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি।

 

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদী, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।