জাকেরকে সাংবাদিক বোনের প্রশ্ন, কেমন উপভোগ করলেন?

সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ জয় পায়নি। সফরকারীদের দেওয়া ২০৭ পেরোনো রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে হেরেছে মাত্র ৩ রানে। নাজমুল হোসেন শান্তরা ম্যাচটা হেরে গেলেও প্রাপ্তির খাতাটা যে একেবারেই শূন্য ছিল, এমন নয়। দীর্ঘদিন পর টি-টোয়েন্টি দলে ফিরে ৩১ বলে ৫৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

কাল অভিজ্ঞ এ ব্যাটসম্যানও আড়ালে। এমন ঝোড়ো ইনিংসকেও ছাপিয়ে গেছেন জাতীয় দলের হয়ে ‘প্রথম’ ম্যাচ খেলতে নামা জাকের আলী অনিক। সিলেটের ছেলে ঘরের মাঠে চার-ছক্কার বন্যা বইয়ে দিয়েছেন। প্রায় অসম্ভব ম্যাচটা বাংলাদেশের নাগালে এনেছিলেন।

৩৪ বলে ৪ চার ও ৬ ছক্কায় খেলেছেন ৬৮ রানের অনিন্দ্য সুন্দর ইনিংস। ম্যাচটা ‘ফিনিশ’ করে না আসতে পারলেও সবার মন জয় করেছেন জাকের।

চমক যে কেবল মাঠে দেখিয়েছেন, তা নয়। জাকের আরেকবার চমকে দিয়েছেন ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে। সাংবাদিকের এক প্রশ্নের জবাব শুরু করেছেন ‘আপু..’ বলে। অবশ্য বাক্যটা অন্যভাবে শুরু করবেন কীভাবে? প্রশ্ন যে করেছেন জাকেরের আপন বোন।

শাকিলা ববি একটি জাতীয় দৈনিকের সিলেট প্রতিনিধি হিসেবে কাজ করেন । কাল বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে একজন সংবাদকর্মী হিসেবেই উপস্থিত ছিলেন শাকিলা। ছোট কন্যাসন্তানকে সঙ্গে নিয়ে প্রেসবক্সে বসে দেখেছেন ভাইয়ের রেকর্ড গড়া এক ইনিংস। টি-টোয়েন্টিতে এক ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৬টি ছক্কা মারার রেকর্ড এখন জাকেরের।

আবেগ একদিকে সরিয়ে ম্যাচ শেষে জাকেরকে পেশাদার সাংবাদিকের মতো প্রশ্ন করলেন শাকিলা, ‘যেহেতু সিলেটের ছেলে আপনি, ঘরের মাঠে আপনি পারফর্ম করলেন; যারা দর্শক ছিল, সবাই আপনার নাম ধরে চিৎকার করছিল, কেমন উপভোগ করেছেন?’

বোনের এমন প্রশ্নে ভাইয়ের (জাকের) উত্তর, ‘আমি সব সময় সিলেটের মাঠে খেলতে পছন্দ করি। আমার প্রথম শ্রেণির অভিষেকও এখানে। উইকেট খুব ভালো ছিল। সবকিছুই ঠিক ছিল, যদি ম্যাচটা জিততে পারতাম আরও ভালো লাগত।’

বোনের প্রশ্নে উত্তর দিতে পারার অনুভূতি কেমন, এটা জানতে চান প্রেসবক্সে উপস্থিত আরেক সাংবাদিক। সে প্রশ্নের জবাবে জাকের বলেছেন, ‘এটা গর্বের বিষয়। সবই আল্লাহর মেহেরবানি।’

এর আগেও জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছিলেন জাকের, খেলেছেন তিনটি ম্যাচ। কিন্তু সেগুলো ছিল এশিয়ান গেমসের ম্যাচ, মূলত অনুর্ধ্ব-২৩ ক্রিকেটারদের টুর্নামেন্ট। তাই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি ছিল দলের হয়ে জাকেরের প্রথম ম্যাচ। কিন্তু কাল যেভাবে ব্যাট চালিয়েছেন, একবারের জন্যও মনে হয়নি, এটা তাঁর অভিষেক ম্যাচ।

কীভাবে এমন ইনিংস খেললেন প্রথম ম্যাচেই, সেটার ব্যাখ্যাও দিয়েছেন জাকের, ‘বিপিএলের আত্মবিশ্বাসটা কাজে দিয়েছে। বিপিএল দুই দিন আগেই শেষ হয়েছে। আর যেহেতু আমার ঘরের মাঠ, আমি মাঠ সম্পর্কে জানি, ভালো ধারণা রাখি, সেটা কাজে দিয়েছে।’

জয় থেকে ১০ রান দুরে দাসুন শানাকার বলে ক্যাচ হয়ে ইতি ঘটে জাকেরের ঝলমলে ইনিংসের। নিজের আউটের ব্যাপারে ব্যাখ্যা, ‘বিশ্বাস ছিল পারব। কিন্তু কানেক্ট (ব্যাটে ঠিকমতো বল লাগেনি) হয়নি।’