হারিস রউফের চুক্তি-নাটক

দুই সপ্তাহ যেতে না যেতেই সিদ্ধান্ত বদলাচ্ছে বোর্ড

গত ১৫ ফেব্রুয়ারি পিসিবির নতুন চুক্তি থেকে বাদ পড়েছেন হারিস রউফ। অস্ট্রেলিয়ার বিপক্ষে গত ডিসেম্বরে টেস্ট সিরিজে খেলতে রাজি না হয়ে সে সময় অস্ট্রেলিয়ারই মাঠে হওয়া বিগ ব্যাশ খেলার শাস্তি দিয়েছে পাকিস্তান বোর্ড।

কিন্তু সে সিদ্ধান্ত থেকে নাকি সরে আসতে পারে পিসিবি। গতকাল সোমবার বোর্ডের এক সূত্র সংবাদমাধ্যমকে দিয়েছেন এমনই ইঙ্গিত।

পিসিবির চুক্তি থেকে বাদ পড়ার পর আরও বড় ধাক্কা খেয়েছেন রউফ। পিএসএলের ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে পেয়েছেন চোট, যা তাঁকে টুর্নামেন্ট থেকেই ছিটকে দিয়েছে। জুন পর্যন্ত তাঁকে অনাপত্তি না দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। ফলে পিএসএল শেষে বিদেশি কোনো লিগে খেলারও সুযোগ নেই তাঁর। 

এমন দুঃসময়ে একটু ভালো খবর মিলতে পারে পাকিস্তানি ফাস্ট বোলারের। কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার পর এই সিদ্ধান্তের ব্যাপারে আপিল করেছেন রউফ। বোর্ডের আইনি বিভাগ সেটা পরখ করে দেখছে। এবং এখন পর্যন্ত যে আভাস মিলছে, তাতে আপিল সফল হওয়ার সম্ভাবনাই বেশি। সূত্র জানিয়েছে, ‘আপিল গ্রহণ করার এবং চুক্তি নবায়ন হওয়ার বেশ ভালো সম্ভাবনা আছে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে না খেললেও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ঠিকই দেখা গেছে রউফকে। এরপরই পিএসএল শুরু হওয়ার আগে তাঁকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়। আইনজীবিদের মাধ্যমে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন রউফ। এ ব্যাপারে নিজের ব্যাখ্যা জানা।
এদিকে রউফের চুক্তি থেকে বাদ পড়া নিয়ে তাঁর ফ্র্যাঞ্চাইজি দল লাহোর কালান্দার্সের মালিক যা বলেছেন, তাতে রউফের বিপদ বাড়তেও পারে।

সামিন রানা এক সাক্ষাৎকারে রউফকে বাদ দেওয়ার প্রসঙ্গে বলেছেন, ‘রউফ আমাদের সেরা বোলারদের একজন, শাহিন আফ্রিদির পর সর্বোচ্চ উইকেট শিকারি। প্রকাশ্যে তাঁকে অপমান করা এবং সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে চুক্তি বাতিল করা, আমি কখনো এমন কিছু দেখিনি।’

বোর্ডের দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন রানা, ‘আমি নিজের কর্মচারীর সঙ্গে কখনো এমন আচরণ করব না। অন্তত ফোন, ই-মেইল বা বার্তা পাওয়ার অধিকার রাখে আপনার কর্মচারী। রউফের ক্ষেত্রে কোনোটাই ঘটেনি এবং একদম বাজে হয়েছে ব্যাপারটা। খুবই বাজেভাবে সামলানো হয়েছে এটা।’