আফগানিস্তানের ইতিহাসের এক টুকরো সঙ্গে নিয়ে বলে দিলেন বিদায়

আন্তর্জাতিক অঙ্গনে আফগানিস্তান প্রথমবারের মতো ওয়ানডে ম্যাচ খেলেছিল ২০০৯ সালের এপ্রিলে। বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফে স্কটল্যান্ডের বিপক্ষে ৮৯ রানে জেতা সে ম্যাচে ওপেনিংয়ে নেমে মাত্র ২৮ বলে ৪৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন নূর আলী জাদরান। পরের ১৫ বছরে আফগানিস্তানের জার্সিতে আরও ৭৫ ম্যাচ খেলেছেন তিনি। সর্বশেষ আয়ারল্যান্ড বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচেও ছিলেন একাদশে।

দুবাইয়ে হয়ে যাওয়া এ টেস্টই হয়ে থাকল আফগানিস্তানের জার্সিতে নূর আলী জাদরানের শেষ ম্যাচ। আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৩৫ বছর বয়সী ওপেনার। যাঁকে আফগানিস্তানের ক্রিকেট সব সময় মনে রাখবে তাঁদের ইতিহাসের অংশ হয়ে থাকা ক্রিকেটার হিসেবে।

দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারে আফগানিস্তানের জার্সিতে দুটি টেস্ট, ৫১টি ওয়ানডে ও ২৩টি টি-টোয়েন্টি খেলেছেন নূর আলী জাদরান। কদিন আগে দুবাইয়ে আফগানদের হারিয়ে প্রথমবারের মতো টেস্ট জেতে আইরিশরা। এ ম্যাচে আফগানিস্তানের হয়ে দুই ইনিংসে মোটে ৩৯ রান করেছেন নূর আলী জাদরান।

আন্তর্জাতিক ক্যারিয়ারে সব মিলে ১৯৩০ রান করেছেন ডানহাতি এ ওপেনার। ওয়ানডেতে ২৪.৮১ গড়ে ১২১৬ রান, টি-টোয়েন্টিতে ২৭.১৩ গড়ে ৫৯৭ রান। ২০১৯ সালের পর প্রায় চার বছর আন্তর্জাতিক ক্রিকেটে থেকে দূরে ছিলেন নূর আলী জাদরান। এরপর ২০২৩ সালের অক্টোবরে আবারও ফিরে আসেন। আফগানিস্তানের হয়ে এশিয়ান গেমসে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে যথাক্রমে ৫১ ও ৩৯ রানের ইনিংস উপহার দেন। তাঁর দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে প্রতিযোগিতায় স্বর্ণ পদক জেতার দৌড়ে ফাইনালে উঠেছিল আফগানিস্তান। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে বাগড়া দেয় বেসরিক বৃষ্টি। ফাইনাল ভেস্তে যাওয়ায় স্বর্ণপদক জেতে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ভারত।

এরপর চলতি বছরের শুরুতে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট খেলেন তিনি। লাল বলের ক্রিকেটে চার ইনিংসে করেছেন ১১৭ রান। রানখরায় বুঝে গেছেন, ব্যাট তুলে রাখার সময় এসেছে।

ওয়ানডেতে আফগানিস্তানের প্রথম ম্যাচে খেলা জাদরান ২০১০ সালে আফগানিস্তানের ইতিহাসের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও খেলেছেন। একই বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলে আফগানরা, সে ম্যাচে ভারতের বিপক্ষে ফিফটি (৪৮ বলে ৫০ রান) করেছিলেন জাদরান।