একজন চোটে, আরেকজন নেটে - মোস্তাফিজের চেন্নাইয়ের ‘নতুন মালিঙ্গা’ না হলে চলছেই না!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(আইপিএল) শুরু হচ্ছে আগামী ২২ মার্চ। এবারের টুর্নামেন্টে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে আইপিএলে যাচ্ছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস কাটার-মাস্টারকে দলে টেনেছে। মাহেন্দ্র সিং ধোনির দলের নিয়মিত একাদশে মোস্তাফিজ সুযোগ পাবেন কি না, তা নিয়ে এতদিন ছিল আলোচনা। তবে লঙ্কান পেসার মাথিশা পাথিরানার ইনজুরিতে অনেকটাই সহজ হয়ে গিয়েছিল টাইগার পেসারের একাদশে সুযোগ পাওয়া। কিন্তু এবার নতুন মালিঙ্গার আলোচনা আসতেই চিন্তার ভাঁজ আবার বেড়েছে। 

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে চোট পান লঙ্কান পেসার পাথিরানা। যার ফলে সিরিজের শেষ ম্যাচেও খেলতে পারেননি এই ডানহাতি পেসার। কিংবদন্তি লাসিথ মালিঙ্গার মতো বোলিং অ্যাকশনের কারণে ‘নতুন মালিঙ্গা’ নাম পেয়ে যাওয়া পাথিরানা হ্যামস্ট্রিং ইনজুরিতে থাকায় আইপিএলে শুরু থেকে তাঁকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

তবে এবার বিকল্প পথে হাঁটতে যাচ্ছে আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। গত মৌসুমে ১৯ উইকেট পাওয়া পাথিরানার বিকল্প খুঁজে নিতে যাচ্ছে ধোনির দল। পাথিরানার মতো ‘মালিঙ্গা অ্যাকশনে’ বোলিং করতে পারে এমন একজন বোলারের খোঁজে ছিল চেন্নাই। যা তারা পেয়েও গেছে এবং ইতিমধ্যে সেই বোলারকে ভারতেও উড়িয়ে নিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটি।
 
লঙ্কান সিনিয়র ক্রীড়া সাংবাদিক রেক্স ক্লেমেন্টিন এক টুইট বার্তায় জানিয়েছে, মাথিশা পাথিরানার মতো বোলিং করতে পারে ১৭ বছর বয়সী কুগাদাস মাথুলানকে শ্রীলঙ্কা থেকে চেন্নাইয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে এই তরুণ পেসার চেন্নাইয়ের নেটে বল করেছে এবং মাহেন্দ্র সিং ধোনি তাঁকে পর্যবেক্ষণ করছেন। 

পাথিরানার বদলে মাথুলানকে দলে নেওয়া হবে কি না এই ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। এমনকি আইপিএলে তাঁকে চেন্নাইয়ের নেট বোলার হিসেবে রাখা হবে কি না তাও নিশ্চিত করেনি ফ্র্যাঞ্চাইজিটি। তবে ক্লেমেন্টিনের পোস্টে পরিষ্কার, মালিঙ্গার মতো অ্যাকশনের বোলারকেই খুঁজছে চেন্নাই।