বিপিএলে সাকিবের সামনে ঝড় তোলা বোলার বাংলাদেশের টেস্ট দলে

একটুর জন্য ১৫০ ছোঁয়নি স্পিডোমিটারের স্ক্রিন। একটু বলতে, দশমিক ৩ কিলোমিটার/ঘণ্টার ব্যবধান। এই ডেলিভারি দিয়েই সেদিন শিরোনামে চলে এসেছিলেন নাহিদ রানা।

গত ১৩ ফেব্রুয়ারি সাকিব আল হাসানের রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচটা দিয়েই খুলনা টাইগার্সের হয়ে বিপিএল অভিষেক হয়েছিল নাহিদের। সেদিন সাকিবকেই ওই ডেলিভারিটা করেছিলেন ২১ বছর বয়সী ফাস্ট বোলার, স্ক্রিনে গতি উঠল – ১৪৯.৭ কিলোমিটার/ঘণ্টা! একই ওভারে ১৪৭ কিলোমিটার গতিতেও দুটি বল করেছিলেন নাহিদ!

লাইন-লেংথ নিয়ে এখনো অনেক কাজ করা বাকি – সেটা হয়তো সেদিন তাঁকে দেখা যেকোনো ক্রিকেটপ্রেমীরই উপলব্ধি। কিন্তু ক্রিকেটে ‘র পেইস’-এরও তো একটা আলাদা আবেদন আছে, নাহিদকে নিয়ে এ দেশের ক্রিকেটপ্রেমীদের উচ্ছ্বাসে ভাসতে তাই সময় লাগেনি।  

সেই নাহিদকেই শ্রীলঙ্কার বিপক্ষে ২ টেস্টের সিরিজের প্রথম টেস্টের দলে নিয়েছে বাংলাদেশ। আগামী ২২ মার্চ সিলেটে শুরু হবে প্রথম টেস্ট।

বিপিএলে এবারই অভিষেক হলেও প্রথম শ্রেণির ক্রিকেটে তিন মৌসুমের অভিজ্ঞতা হয়ে গেছে নাহিদের, তাতে ৬৩ উইকেট নিয়েছেন ২১.৯২ গড়ে। এর মধ্যে ইনিংসে ৫ উইকেট আছে তিনবার।

নাহিদের পাশাপাশি টেস্ট দলে সুযোগ পেয়েছেন ২১ বছর বয়সী আরেক পেসার মুশফিক হাসানও। বাংলাদেশের জার্সিতে অভিষেকের অপেক্ষায় থাকা মুশফিক আফগানিস্তানের বিপক্ষে গত বছরও দলে ডাক পেয়েছিলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি ৫৫ উইকেট নিয়েছেন ২১.১৬ গড়ে।

প্রথম টেস্টের দলে চমক বলতে এ দুটি নামই। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে ছুটি কাটানো, শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের আগে বাদ পড়ে শিরোনামে আসা লিটন দাস টেস্ট দলে আছেন।

প্রথম টেস্টের বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসের শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাৎ হোসেন দীপু, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, মুশফিক হাসান, নাহিদ রানা।