কোহলিকে ছুঁতে মাঠে ঢুকে বেদম মার খেলেন ভক্ত

প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ঘরের মাঠে পাঞ্জাব কিংসের বিপক্ষে বিরাট কোহলির ৪৯ বলে ৭৭ রানের দারুণ ইনিংসে এই মৌসুমের প্রথম জয় তুলে নিয়েছে কখনো আইপিএল না জেতা দলটি।

ম্যাচের এক পর্যায়ে কোহলিকে ছুঁতে মাঠে ঢুকে পড়েছিলেন এক ভক্ত। কিন্তু এ কারণে নিরাপত্তাকর্মীরা তাঁকে বেদম পিটিয়েছেন।

চিন্নাস্বামী স্টেডিয়ামে গত পরশু কোহলির ইনিংসের পরও বিপদে পড়েছিল চেন্নাই। তবে অভিজ্ঞ দিনেশ কার্তিকের ১০ বলে ২৮ রানের ঝড় দারুণ জয়ের স্বাদ দিয়েছে কোহলিদের।  পুরো ম্যাচ জুড়ে ভক্তদের ভালোবাসা গায়ে মেখেছেন কোহলি।

ম্যাচ শেষে এ প্রসঙ্গে কথাও বলেছেন তিনি, ‘বহুদিন ধরেই এটা চলছে (চিন্নাস্বামীর দর্শকের ভালোবাসা)। খেলার অনেক বিষয় নিয়ে মানুষ কথা বলে-অর্জন, পরিসংখ্যান, সংখ্যা। তবে যখন পেছন ফিরে তাকাবেন, তখন দেখবেন স্মৃতিগুলোই গুরুত্বপূর্ণ। রাহুল ভাইওও ইদানীং এটা বলে। যখন খেলবেন, হৃদয় উজার করে দিয়ে খেলুন, কারণ এই সময়টায় পরে মিস করবেন আপনি। যে ভালোবাসা, সমর্থন ও শংসা আজ পেয়েছি তা দারুণ।’

ম্যাচের মাঝপথেই সেটা ভালোভাবে টের পেয়েছেন কোহলি। এক ভক্ত নিরাপত্তাব্যূহ ভেদ করে মাঠের ভেতর ঢুকে পড়েছিলেন এক কোহলি-ভক্ত। প্রিয় তারকার পায়ের কাছে পড়ে শ্রদ্ধা জানিয়েছেন, পরে তাঁকে জড়িয়ে ধরেছেন। ওই সময় নিরাপত্তাকর্মীরা এসে তাঁকে ধরে নিয়ে যান।

এমন দৃশ্য ক্রিকেট মাঠে নতুন কিছু না। বিশ্বকাপ চলাকালেই কোহলি ও রোহিতের জন্য এম পাগলামি করতে দেখা গেছে সমর্থকদের। বাংলাদেশেও এমন কিছু দেখা যায় মাঝেমাঝে। মেসি-রোনালদোর মতো তারকাদেরতো এমন ভালোবাসার ‘যন্ত্রণা’ প্রায়ই সহ্য করতে হয়।

সাধারণত, এসব ক্ষেত্রে নিয়ম ভাঙার জন্য বিভিন্ন ছোটখাট শাস্তি মিলে ওই সমর্থকের। তবে চিন্নাস্বামী স্টেডিয়ামের নিরাপত্তার সঙ্গে জড়িতরা সে সীমা ছাড়িয়ে গেছেন। একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, ওই ভক্তকে মাঠ থেকে বের করে গ্যালারির আড়ালে নিতেই ঘুসি ও লাথি মারা হচ্ছে।

এমন কিছু দেখে ক্ষোভে ফেটে পড়েছেন সমর্থকেরা। এক কোহলি-সমর্থক বেঙ্গালুরুকে ট্যাগ দিয়ে জিজ্ঞেস করেছেন, ‘এটা কী ধরনের আচরণ বেঙ্গালুরু? কাউকে স্পর্শ করার অধিনার নেই। তাহলে আর আইনের কাজ কী? আপনি চাইলে তাকে জেলে রাখতে পারেন/ জরিমানা করতে পারেন। কিন্তু আপনারা স্টেডিয়ামের ভেতরে মারছেন! মনে রাখবেন, কোহলি একবার চলে গেলে, কোনো শুকরও তোমাদের পাত্তা দিবে না।’