মুম্বাইয়ের সুখের সংসারে আগুন লেগে গেছে পাণ্ডিয়ার কারণে

আইপিএল ইতিহাসে সবচেয়ে সফল দুই অধিনায়কের একজন তিনি। এক দশকের অধিনায়কত্বে মুম্বাই ইন্ডিয়ানসে পাঁচবার শিরোপা এনে দিয়েছেন। অথচ সেই রোহিত শর্মাকে কিনা নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দিয়েছে হার্দিক পাণ্ডিয়ার কাঁধে। মুম্বাইয়ের এমন সিদ্ধান্ত মেনে নিতে কষ্ট হচ্ছে ফ্র্যাঞ্চাইজির সমর্থকদের। বিশেষ করে রোহিতকে এভাবে সরিয়ে দেওয়াটা মোটেও ভালোভাবে নেয়নি। তার প্রমাণ মিলেছে মুম্বাইয়ের দুটি ম্যাচেই।

এবারের আইপিলে পাণ্ডিয়ার নেতৃত্বে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে মুম্বাই। দুটি ম্যাচেই হেরে বসেছে পাঁচ বারের চ্যাম্পিয়নরা। তার চেয়ে বড় কথা, দুটি ম্যাচেই সমর্থকদের দুয়ো শুনেছেন পাণ্ডিয়া। দলটির এমন অস্থিতিশীল সময়ে বোমা ফাটিয়েছে সংবাদমাধ্যম দৈনিক জাগরণ। এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি উল্লেখ করেছে, হার্দিক ফিরে আসার পরে দলের পরিবেশ আগের মতো নেই। এমনকি ড্রেসিংরুম দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে বলে দাবি করেছে সংবাদমাধ্যমটি।

এর আগে ২০১৫ সালে মুম্বাই ইন্ডিয়ানসে আইপিএল অভিষেক হয় পাণ্ডিয়ার। ২০২১ সাল পর্যন্ত সেখানে খেলেই নিজেকে ভারত দলের অপরিহার্য অংশ বানিয়েছেন। ২০২২ সালে মুম্বাই তাঁকে ছেড়ে দিলে নবাগত গুজরাট টাইটানসে যোগ দেন অধিনায়ক হিসেবে। তাঁর নেতৃত্বে গুজরাট প্রথম মৌসুমেই শিরোপা ঘরে তোলে। এমনকি দুর্দান্ত নেতৃত্বে গত আইপিএলেও দলটিকে ফাইনালে তুলেছিলেন পাণ্ডিয়া। ভারতীয় অলরাউন্ডারের এমন নেতৃত্বগুণে মুগ্ধ হয় পুরোনো ফ্র্যাঞ্চাইজি মুম্বাই। দলে তো ফিরিয়েছেই, রোহিত দলে থাকা সত্ত্বেও পাণ্ডিয়াকে অধিনায়কও করেছে মুম্বাই! এরপর থেকেই ঝামেলার শুরু।

দৈনিক জাগরণের প্রতিবেদন অনুসারে, সমর্থকদের পাশাপাশি পাণ্ডিয়ার নেতৃত্ব মেনে নিতে পারছেন না মুম্বাইয়ের অনেক খেলোয়াড়ও। ফ্র্যাঞ্চাইজিটির ড্রেসিংরুম এখন দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। একটি অংশের নেতৃত্ব দিচ্ছেন পাণ্ডিয়া, যার সমর্থনে আছেন ঈশান কিষাণসহ কয়েকজন ক্রিকেটার। আরেকটি অংশ সাবেক অধিনায়ক রোহিতের দখলে। যশপ্রীত বুমরা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব সহ আরও বেশ কয়েকজন সমর্থন দিচ্ছেন সাবেক অধিনায়ককে। শুধু খেলোয়াড়রা নন, দলের কোচিং প্যানেলও বিভক্ত হয়েছে বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে।

তবে এতসব বিভক্তি আর বাজে সময়ের মধ্যেও পাণ্ডিয়ার নেতৃত্ব অটল থাকার পেছনের কারণ মালিক পক্ষের সমর্থন। অধিনায়ক হিসেবে আম্বানি পরিবারের প্রথম পছন্দ পাণ্ডিয়া, এমনই জানাচ্ছে জাগরণ।