ডিআরএস- ডিসিশন রিভিউ সিস্টেম আধুনিক ক্রিকেটে যা মুহূর্তেই খেলার ধরন পাল্টে দিতে পারে। বাংলাদেশ রিভিউ নিতে গেলেই যেন হাস্যরসের তৈরি হয়। আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে রিভিউ নিয়ে কাঙ্ক্ষিত আউট তো দূরের কথা ভাগ্যে শুধু সমালোচনা জুটে বাংলাদেশের ক্রিকেটারদের। যার আরেকটি উদাহরণ দেখা গিয়েছে আজ চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে।
শ্রীলঙ্কার ব্যাটিংয়ের সময় ৪৪তম ওভারের ঘটনা। অদ্ভুত এক রিভিউ নেন নাজমুল হাসান শান্ত। তাইজুল ইসলামের গুড লেংথের বল রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছিলেন কুশল মেন্ডিস। খালি চোখেই দেখা যায়, বল মাঝ ব্যাটে লেগেছে। কিন্তু কী বুঝে রিভিউ নিলেন শান্ত, সেটা তিনিই ভালো বলতে পারবেন। টিভি আম্পায়ার একবার রিপ্লে দেখে বল ট্র্যাকিংয়েও যাননি।
টেস্টের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনেও উঠে এসেছে বাংলাদেশের রিভিউ ব্যবহারের অদক্ষতার দিকটি। রিভিউ নেওয়ার পদ্ধতি বদলাতে হবে বলে মনে করেন জাতীয় দলের বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস।
তিনি বলেন, ‘এটা এমন একটা ব্যাপার, যা নিয়ে আমরা আলোচনা করছি। আমরা রিভিউতে খুব বেশি ভালো না, এটা একদম পরিষ্কার। এখন পর্যন্ত আমরা রিভিউতে ভয়াবহ (খারাপ)। আমাদের আরও অনেক ভালো একটা মেথড তৈরি করতে হবে। এটা হতে পারে যে অধিনায়ক ও উইকেটরক্ষকের ওপর পুরোপুরি ছেড়ে দেওয়া। হয়তো পয়েন্টে দাঁড়ানো ফিল্ডার থাকতে পারেন। ’
‘এখন আমরা যেভাবে রিভিউ নিচ্ছি, সেটা কাজ করছে না। এই মুহূর্তে মনে হয় ফ্যাক্টের চেয়ে আবেগটাই প্রাধান্য পাচ্ছে। বলটা ব্যাটের মাঝখানে লেগেছে, এটা ভালো রিভিউ না। একই সঙ্গে আমি এটাও চাই না রিভিউ নিতে ওরা ভয় পাক। আমাদের কেবল ভালো একটা পদ্ধতি খুঁজে বের করতে হবে।’