ছেলের জন্য চাকরি ছেড়েছিলেন বাবা, সেই ছেলেই হারালেন প্রীতির পাঞ্জাবকে

আইপিএল প্রতি বছরই নতুন ক্রিকেটারের সন্ধান দিচ্ছে। ভারতীয় ক্রিকেটে নতুন ক্রিকেটার তুলে আনার বড় মঞ্চ আইপিএল। গতকাল সানরাইজার্স হায়দরাবাদের হয়ে নয়া এক বিস্ময়ের দেখা পেয়েছে ভারতের ক্রিকেট। অখ্যাত ক্রিকেটার নিতিশ রেড্ডি এক রাতেই তার বিধ্বংসী ইনিংস দিয়ে সবার নজর কেড়ে নিয়েছেন।

শুধু নজরই কাড়েননি, রেড্ডির ইনিংসে প্রীতি জিনতার পাঞ্জাব কিংসকে হারিয়েছে সানরাইজার্স। পাঞ্জাবের বিপক্ষে গতকাল ২ রানের জয় পেয়েছে প্যাট কামিন্সের দল। এই জয়ে পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে উঠে এসেছে হায়দরাবাদ।

আগে ব্যাট করতে নেমে ৩৯ রান তুলতেই তিন উইকেট হারায় সানরাইজার্স। এরপর দলের হাল ধরেন ২০ বছর বয়সী তরুণ ক্রিকেটার নিতিশ রেড্ডি।

এই মৌসুমে নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামা এই ক্রিকেটার পাঞ্জাব কিংসের বোলারদের ওপর চড়াও হয়ে ৩৭ বলে ৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। যেখানে ছিল ৪টি চার ও ৫টি ছয়।

রেড্ডির এই ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ১৮২ রানের সংগ্রহ পায় হায়দরাবাদ। লক্ষ্য তাড়া করতে নেমে ২ রানে হেরেছে শিখর ধাওয়ানের দল।

হায়দরাবাদের জয়ের পর থেকে আলোচনায় তরুণ ক্রিকেটার রেড্ডি। এই ডানহাতি ব্যাটসম্যানের এমন ইনিংসের পর তাঁর অন্ধ্রপ্রদেশ ক্রিকেট দলের সতীর্থ হনুমা বিহারি একটি টুইট বার্তা প্রকাশ করেছেন।

দ্বিতীয় ম্যাচেই ম্যাচ সেরা হয়েছেন রেড্ডি। ছবি: এক্স

বিহারি তাঁর এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ‘এনকেআর(নিতেশ রেড্ডি)- খুবই মধ্যবিত্ত পরিবার থেকে এসেছে। তাঁর বাবা ওর ক্যারিয়ার গড়ার জন্য চাকরি ছেড়ে দিয়েছিলেন। (রেড্ডির বাবা) তাঁকে দিকনির্দেশনা দিয়েছে এবং তৈরি করেছে। ওর কঠিন পরিশ্রম কাজে এসেছে। ও যখন ১৭ বছর বয়স ছিল তখন থেকে ওকে চিনি আমি। ও যেভাবে ক্রিকেটার হিসেবে বেড়ে উঠেছে দেখে আমার গর্ব হচ্ছে। হায়দরাবাদ এবং ভারতের ভবিষ্যৎ সে।’

রেড্ডির বাবা মুতাইলা রেড্ডি হিন্দুস্থান জিংকে কর্মরত ছিলেন, যখন তাঁকে উদয়পুর বদলি করা হয় , তিনি চাকরি ছেড়ে দেন তাঁর ছেলের ক্রিকেট ক্যারিয়ারের জন্য। রেড্ডির বাবার এই ত্যাগকে এখন প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা।