বিশ্বকাপের আগে শক্তিশালী দল নিয়ে বাংলাদেশে আসছে ভারত

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে। সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া বিশ্ব আসরের আগে চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে ভারত নারী ক্রিকেট দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৩ এপ্রিল বাংলাদেশে পা রাখবে ভারত। সেই সিরিজকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। 

বাংলাদেশের বিপক্ষে হারমানপ্রীত কৌরকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। স্মৃতি মান্ধানা, শেফালি বার্মাদের নিয়ে সাজানো স্কোয়াডে আছে দুইজন নতুন মুখ। উইমেন্স প্রিমিয়ার লিগ (মেয়েদের আইপিএল) -এ দুর্দান্ত পারফরম্যান্স করে ভারত দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন সানজানা সাজিভান ও আশা সোবহানা।
 
আগামী ২৮ এপ্রিল সিলেটে প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে সিরিজ। প্রথম দুটি ম্যাচ ও শেষ টি-টোয়েন্টি হবে দিবা-রাত্রির। সিরিজের সবকটি ম্যাচ  সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দিবা রাত্রির ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬-৩০ মিনিটে, দিনের ম্যাচ দুপুর ২টায়।
 
বাংলাদেশের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড:
 
হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, ডায়ালান হেমালতা, সানজানা সাজিভান, রিচা ঘোষ, স্বস্তিকা ভাটিয়া, রাধা যাদব, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকার , আমানজোত কৌর, শ্রেয়াঙ্কা পাটিল, সাইকা ইশাক, আশা সোবহানা, রেনুকা সিং এবং তিতাস সান্ধু।