মোস্তাফিজ আইপিএল ছাড়ার আগেই তাঁর শূন্যতা পূরণ করল চেন্নাই

আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে পুরো মৌসুম খেলতে পারবেন না মোস্তাফিজুর রহমান। জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশের সিরিজ কদিন পর, মোস্তাফিজ আইপিএলে যাওয়ার আগেই তাই সময় বেঁধে দেয় বিসিবি। কিছুদিন আগে বোর্ড সেই ছুটি একদিন বাড়ালে আগামী ১ মে পর্যন্ত মোস্তাফিজের আইপিএল খেলা নিশ্চিত হয়। 

তার মানে ফেরার আগে মোস্তাফিজ আরও চারটি ম্যাচ পাবেন চেন্নাইয়ের। তবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই এর মধ্যেই মোস্তাফিজের বিকল্প খুঁজে নিয়েছে। 

আইপিএলে এখন পর্যন্ত ৫ ম্যাচে ১০ উইকেট নিয়ে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি মোস্তাফিজ বাংলাদেশে ফিরবেন কদিন পর, তার আগেই চোটের কারণে চেন্নাই হারিয়েছে নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়েকে। এখন চেন্নাই দলে টেনেছে ইংলিশ বোলার রিচার্ড গ্লিসনকে।

চেন্নাইয়ের হয়ে খেলবেন ইংলিশ পেসার রিচার্ড গ্লিসন।
৩৬ বছর বয়সী গ্লিসন এর আগে কখনো আইপিএল খেলেননি। মূলত কনওয়ের বদলি হিসেবে তাঁর নাম দেখাচ্ছে চেন্নাই। তা দেখানোরই কথা, মোস্তাফিজ তো এখনো দলের সঙ্গেই আছেন, তাঁর বিকল্প এখনই কীভাবে দেখায় চেন্নাই! তবে গ্লিসন যে আসলে মোস্তাফিজের শূন্যতা পূরণ করবেন, সেটা বুঝতে কষ্ট হয় না। তা না হলে কনওয়ের মতো ব্যাটসম্যানের পরিবর্তে একজন ডানহাতি পেসারকে কেন দলে টানবে চেন্নাই? 

গ্লিসন আইপিএল না খেললেও বিপিএল, দ্য হান্ড্রেড, বিগ ব্যাশ, আইএল টি-টোয়েন্টি, এসএ টি-টোয়েন্টি খেলে বেশি নাম কামিয়েছেন।