আইপিএলে এখন পর্যন্ত টেবিলের শীর্ষে আছে রাজস্থান রয়্যালস। অভিষেক মৌসুমের বিজয়ীরা এবার ৯ ম্যাচের আটটিতেই জয় পেয়েছে। গতকাল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে ৭ উইকেটে হারিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে গেছে রাজস্থান।
এতেও দলের একটি খুঁত আড়াল হচ্ছে না। রাজস্থানের মূল দুই স্পিনারের একজন রবিচন্দ্রন অশ্বিন খুব একটা অবদান রাখতে পারছেন না খুব একটা। বীরেন্দর শেবাগ বলছেন, তিনি কোনো ফ্র্যাঞ্চাইজির দায়িত্বে থাকলে আগামী আইপিএলে অশ্বিনকে নেওয়ার চিন্তা করতেন না।
আইপিএলে এখন পর্যন্ত আট ম্যাচ খেলে মাত্র দুই উইকেট পেয়েছেন। এর পেছনে মূল কারণ হলো, দেশসেরা অফ স্পিনার হয়েও উইকেট পাওয়ার চেষ্টা করছেন না অশ্বিন। এ নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন শেবাগ। ক্রিকবাজের সঙ্গে কথোপকথনে শেবাগ বলেছেন, ‘এটা (উইকেট নেওয়ার কাজ) অন্য বোলারদের- যুজবেন্দ্র চাহাল, আভেশ খান, নান্দ্রে বার্গার ও অন্যান্যদের।’
উইকেট না নিয়ে শুধু রান আটকাতে চান বলেই নাকি সাদা বলে জাতীয় দলে গুরুত্ব হারিয়েছেন অশ্বিন, ‘সে যদি শুধু রান আটকাতে চায়, ওভারে ছয় রান দেবে এবং উইকেট নেবে না, তাহলে ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়ানডে দল থেকে এই কারণেই সে বাদ পড়েছে। আজ মাঝের ওভারে উইকেট পাচ্ছিল না। এবং যখন তাকে আবার ফেরাও হলো, তখনো সে উইকেট পাচ্ছিল না।’
অশ্বিনের শুধু রান আটকানোর এই চেষ্টা অন্যদের ওপর চাপ সৃষ্টি করছে বলে দাবি শেবাগের, ‘যখন এমন ঘটে, ৬-৭ রানের ওভার করেন, তখন অন্য বোলারদের জন্য সেট ব্যাটসম্যানের বিপক্ষে বল করা কঠিন হয়ে যায়। ওরা তো আপনার মতো বুদ্ধিমান না। আপনার মতো পালাতে পারে না, ফলে ওরা আরও বেশি মার খায়।’
দলের ভালোর জন্য অশ্বিনকে উইকেট নেওয়ার চেষ্টা করতে বলেছেন সাবেক ওপেনার, ‘এর চেয়ে ডট বল করার চেষ্টা না করে উইকেট পাওয়ার জন্য বল করাই ভালো। আমার এটাই মত। এত অভিজ্ঞতা, উইকেট পাওয়ার চেষ্টা করা উচিত, মার খাওয়ার হাত থেকে বাঁচার চেষ্টা করা না।’
এর আগে অশ্বিন ইউটিউবে বলেছেন, টি-টোয়েন্টিতে উইকেট নেওয়াটা অগুরুত্বপূর্ণ। শেবাগ এর কড়া সমালোচনা করেছেন, ‘এটা অনেকটা কেএল রাহুল যেমন বলেছিল, স্ট্রাইকরেটে কিছু আসে যায় না। একই জিনিস। সে ব্যাটিংয়ের ব্যাপারে বলেছিল, অশ্বিন বোলিং নিয়ে বলেছে। ওর পরিসংখ্যান যদি ভালো না হয়, আগামী আইপিএলের নিলামে হয়তো ওকে আর নেওয়াও হবে। আপনি যখন বোলার নেন, আপনি কি আশা করেন? ২৫-৩০ রান দেবে নাকি উইকেট নিয়ে দুই বা তিনবার ম্যাচসেরা হবে?’
নিজে কোনো দলের দায়িত্বে থাকলে কেন অশ্বিনকে নিতেন না, সেটাও জানালেন শেবাগ, ‘সে ভাবে অফ স্পিন করলে সবাই ওকে মারবে। এ কারণে বেশি ক্যারাম বল করছে, কিন্তু এতে কোনো উইকেট পাচ্ছে না। ও হয়তো বিশ্বাস করে, অফ স্পিন বা দুসরা করলে ও আরও উইকেট পাবে। কিন্তু এটা ওর মানসিকতা। আমি ফ্র্যাঞ্চাইজির মেন্টর বা কোচ হলে এটা পছন্দ করতাম না। যদি বোলার উইকেট না নিয়ে রান বাঁচানোর চিন্তা করত, সে দলে জায়গা পেত না।’
উইকেট না নিয়ে রান বাঁচানোর চেষ্টা করেও লাভ হয়নি অশ্বিনের। আইপিএলে ওভারপ্রতি ৯ রান করে দিয়েছেন এখন পর্যন্ত।