ভারতের চলমান আইপিএলের নিলামের আগেই জানা গিয়েছিল কোন কোন দেশ তাদের ক্রিকেটারদের পুরো মৌসুমে খেলার অনুমতি দিয়েছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান আইপিএল নিলামের আগেই জানিয়েছিল, তাদের দেশের ক্রিকেটাররা পুরো আইপিএলে খেলবেন। তবে ভিন্ন পথে হেঁটেছিল বাংলাদেশ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও ইংল্যান্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ১ জুন। আইপিএলের প্লে-অফের লড়াই চলবে ২১ মে থেকে ২৬ মে পর্যন্ত। বিশ্বকাপ শুরুর দিন চারেক আগে আইপিএল শেষ হওয়ায় নিজ দেশের ক্রিকেটারদের নিয়ে ঝুঁকি নিতে যাচ্ছে না ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নরা তাই আইপিএলের মাঝপথেই তাদের দেশের ক্রিকেটারদের ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে।
আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইসিবি। যেখানে জস বাটলারের নেতৃত্বে আছেন ফিল সল্ট, উইল জ্যাকস, জনি বেয়ারস্টো, বেন ডাকেট, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলি (সহ-অধিনায়ক), স্যাম কারেন, ক্রিস জর্ডান, টম হার্টলি, আদিল রশিদ, জফরা আর্চার, মার্ক উড, রিচ টপলি।
ঘোষিত ইংলিশ দলের ৮ জন ক্রিকেটারই বর্তমানে আইপিএল মাতাচ্ছেন। তাদের সবাইকেই ১৮-১৯ মের মধ্যে দেশে ফেরত যাওয়ার নির্দেশ নিয়েছে ইসিবি। এমনটাই জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদন।
আজ বিশ্বকাপের দল ঘোষণার সময় ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পরিচালক রব কি জানিয়েছেন, আমরা চোট কিংবা ইংল্যান্ডের খেলা ছাড়া কাউকেই ফিরে আসতে বলব না এবং ১৫ দিনের জন্য বিশ্রাম দেব।
মূলত বিশ্বকাপের আগে ২২ মে থেকে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ। বিশ্বকাপের জন্য ঘোষিত দলই পাকিস্তান সিরিজে খেলবে। ফলে আইপিএলের প্লে-অফ শুরুর আগেই ইংলিশ ক্রিকেটারদের দেশ ডেকে পাঠাচ্ছে ইসিবি।