আইপিএলে সমর্থকদের সঙ্গে বেশ মধুর এক সম্পর্ক গড়ে উঠেছে হেনরিখ ক্লাসেনের। সানরাইজার্স হায়দরাদের এই ব্যাটসম্যানকে একদিন এক ভক্তকে হেলমেট উপহার দিতেও দেখা গেছে। কিন্তু সমর্থকদের অতিরিক্ত আগ্রহই আবার বিরক্তির কারণ হয়েছে ক্রিকেটারের।
সতীর্থকে একটি শপিং মলে নিয়ে গিয়েছিলেন ভারতীয় পেসার জয়দেব উনাদকাট। টানা ক্রিকেট খেলার ক্লান্তি দূর করার সে চেষ্টার ফলটা ভালো হয়নি। অটোগ্রাফ ও সেলফি চেয়ে ক্লাসেনকে ঘিরে ধরেছিলেন ভক্তরা। বিরক্তি নিয়ে মল ছেড়ে কোনোমতে বেঁচেছেন ক্লাসেন।
এবারের আইপিএলে দুর্দান্ত খেলছেন ক্লাসেন, ১০ ইনিংসে ৩৩৭ রান করেছেন, সেটাও ৪৮.১৪ গড়ে। তবে ক্লাসেনের প্রভাব বুঝতে হলে স্ট্রাইকরেটেই নজর রাখতে হবে। অবিশ্বাস্য ১৮৯.৩৩ স্ট্রাইকরেটে ব্যাট করেই তিনটি ফিফটি করেছেন। সর্বশেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ১৯ বলে ৪১ রানের ইনিংসটিও প্রভাব ফেলেছে ম্যাচের ফলে।
এখন পর্যন্ত আইপিএলে ৩১টি ছক্কা মারা ক্লাসেন খুব দ্রুত সমর্থকদের ফেভারিটে পরিণত হয়েছে। একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, ক্লাসেনকে নিয়ে একটি শপিংমলে উনাদকাট। দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানকে হাতের নাগালে পেয়ে যেন পাগল হয়ে উঠেছিলেন ভক্তরা।
সেলফি তোলার জন্য, একবার পাশে দাঁড়ানোর জন্য ঘিরে ধরেছিলেন তাঁকে। ক্লাসেনের নাম ধরে স্লোগানও দিতে শোনা গেছে। বিস্ময়কর হলেও সত্যি, জনবহুল একটি শপিং মলে এমন এক ক্রিকেটারকে সমর্থকদের হাত থেকে রক্ষা করার দায়িত্বে ছিলেন মাত্র একজন নিরাপত্তাকর্মী।
ঠিকভাবে হাটতেও পারছিলেন না ক্লাসেন না। বারবার ভিড় থেকে ধাক্কা দেওয়া হচ্ছিল তাঁকে। এক পর্যায়ে অসন্তুষ্ট ক্লাসেন বিরক্তিও প্রকাশ করে বসেন। সমর্থকদের শান্ত হওয়ার অনুরোধও জানান।