পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ

টি-টোয়েন্টি বিশ্বকাপে হামলার হুমকি জঙ্গি সংগঠনের

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি নেই এক মাস। টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করতে আয়োজক দেশ দুটি এখন শেষ পর্যায়ের প্রস্তুতিতে ব্যস্ত। এমনিতে বড় টুর্নামেন্টের ঝক্কি সামলানো সহজ নয়, এর মধ্যে বিশ্বকাপে চলাকালে জঙ্গি হামলার হুমকি পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডাব্লিউআই) জানিয়েছে, বিশ্বকাপ চলাকালে হামলা চালানোর হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন আইএস (ইসলামিক স্টেট) । তবে সে হুমকি নিয়ে ভীত হতে নিষেধ করেছে সিডাব্লিউআই। অংশগ্রহণকারী দেশগুলোকে নির্ভয়ে বিশ্বকাপ খেলতে যাওয়ার আহ্বান জানিয়েছে তারা। জঙ্গি হামলা ঠেকাতে পর্যাপ্ত প্রস্তুতিও নিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ।

সিডাব্লিউআইয়ের প্রধান নির্বাহী জনি গ্রেভস গতকাল রবিবার ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে বলেছেন, ‘আমরা সব আয়োজক শহর ও দেশের কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে যাচ্ছি। সবকিছু গভীরভাবে পর্যবেক্ষণ করে টুর্নামেন্ট চলাকালে যেকোনো ধরনের নাশকতার ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে এবং সে অনুযায়ী পরিকল্পনা নেওয়া হচ্ছে।’

আইএস-এর পক্ষ থেকে হুমকি এসেছে অভিযোগ করে গ্রেভস বলেছেন, ‘আইএসের মিডিয়া বিভিন্ন ক্রীড়া ইভেন্টের বিরুদ্ধে হামলার উৎসাহ জাগানো প্রচারণা চালাচ্ছে। পাকিস্তান-আফগানিস্তানভিত্তিক গ্রুপ আইএসখোরাসান (আইএস-কে) আমাদের ভিডিও বার্তা পাঠিয়েছে। সেখানে অনেক দেশে হামলার ঘটনা তুলে ধরেছে এবং সমর্থকদের নিজ নিজ দেশের লড়াইয়ে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।’

ক্যারিয়ান সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিশ্বকাপে সম্ভাব্য হুমকির ব্যাপারে নজর রাখছে কর্তৃপক্ষ। ক্রিকবাজকে এ প্রসঙ্গে গ্রেভস বলেছেন, ‘আমরা সকল অংশগ্রহণকারী দেশগুলোকে আশ্বস্ত করতে চাই যে, টি-টোয়েন্টি বিশ্বকাপে সবার নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রথম অগ্রাধিকার। বৃহৎ পরিসরে শক্তিশালী নিরাপত্তা পরিকল্পনা আছে আমাদের।’

ত্রিনিদাদের সংবাদমাধ্যম ডেইলি এক্সপ্রেস এক প্রতিবেদনে দাবি করেছে, দ্বীপটির প্রধানমন্ত্রী কেইথ রোলি বিশ্বকাপে হুমকি প্রতিহত করতে কাজ করে যাচ্ছেন। অন্যদিকে সম্ভাব্য হুমকির বিষয়গুলো পর্যবেক্ষণ করে ব্যবস্থা নিচ্ছেন বারবাডোজের নিরাপত্তা কর্মকর্তারা।

উল্লেখ্য, আগামী ১লা জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের সাতটি দেশে শুরু হবে এবারের বিশ্বকাপ। মাসব্যাপী টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ জুন।