বাংলাদেশের বিপক্ষে টেস্টে ফেরা নিয়ে কী নাটকই না করলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা! বাংলাদেশে টি-টোয়েন্টি আর ওয়ানডে সিরিজের পর দুই টেস্টের সিরিজ খেলেছিল শ্রীলঙ্কা, কিন্তু টেস্ট সিরিজের দলে থাকার কথা ছিল না হাসারাঙ্গার। থাকবেন কীভাবে, তিনি যে গত বছর টেস্ট থেকে অবসরেরই ঘোষণা দিয়েছিলেন!
কিন্তু গত মার্চে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আম্পায়ারের সঙ্গে অশোভন আচরণ করেছিলেন হাসারাঙ্গা। সেটির জন্য নিষেধাজ্ঞার খবর আইসিসি দেওয়ার আগে শ্রীলঙ্কা তড়িঘড়ি করে তৃতীয় ওয়ানডে শেষ হওয়ার রাতেই টেস্ট সিরিজের দল ঘোষণা করে দেয়, যেখানে অপেক্ষায় ছিল চমক – হাসারাঙ্গা হঠাৎ অবসর ভেঙে টেস্টে ফিরছেন!
পরের দিন আইসিসির দিক থেকে যখন তাঁর দুই ম্যাচের নিষেধাজ্ঞার খবর এল, বুঝতে কষ্ট হলো না, চালটা কোথায় দিয়েছে শ্রীলঙ্কা! হাসারাঙ্গা টেস্টে ফেরার ঘোষণা দেওয়ায় আইসিসির নিষেধাজ্ঞা বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টেই শেষ হয়ে গেছে। বাংলাদেশের বিপক্ষে সিরিজের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার আর ম্যাচ ছিল না, ওই টেস্ট সিরিজে নিষেধাজ্ঞা কাটিয়ে না দিলে বিশ্বকাপে প্রথম চার ম্যাচেই হাসারাঙ্গা নিষিদ্ধ থাকতেন!
তা এখন হঠাৎ আবার সেই আলোচনা কেন? আজ শ্রীলঙ্কা টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে, সেখানে হাসারাঙ্গা অনুমিতভাবেই থাকছেন। এবং বিশ্বকাপে অধিনায়ক হয়েই যাচ্ছেন তিনি! টি-টোয়েন্টিতে তিনিই শ্রীলঙ্কার অধিনায়ক কিনা! চারিথ আসালাঙ্কা সহ-অধিনায়ক।
প্রতিভা, তারুণ্য ও অভিজ্ঞতার দারুণ মিশেলে গড়া শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে পাঁচটি বিশ্বকাপ খেলা, শ্রীলঙ্কার ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য অ্যাঞ্জেলো ম্যাথুসও আছেন। কুশল মেন্ডিস, পাথুম নিশঙ্কা, সাদিরা সামারাবিক্রমা ব্যাটিংয়ে ভরসা জোগাবেন। নেতৃত্বের ভার কমাতে আছেন দাসুন শানাকা, ধনাঞ্জয়া ডি সিলভারাও।
অলরাউন্ডারও কম নেই লঙ্কান দলে। হাসারাঙ্গা তো আছেনই, দুনিথ ভেল্লালাগে, কামিন্দু মেন্ডিসও আছেন। ম্যাথুস-শানাকা-ডি সিলভারা তো থাকছেনই। স্পিনার তিকসানা আছেন। পেসার হিসেবে চামিরা-মাদুশঙ্কাদের সঙ্গে থাকছেন ‘মালিঙ্গা’ অ্যাকশনে বোলিং করা মাতিশা পাথিরানা ও নুয়ান থুসারা।
বিশ্বকাপে গ্রুপ ডি-তে, অর্থাৎ বাংলাদেশের গ্রুপেই আছে শ্রীলঙ্কা। গ্রুপে অন্য তিন দল দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল।
বিশ্বকাপের শ্রীলঙ্কা দল
ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা (সহঅধিনায়ক), কুশল মেন্ডিস, পাথুম নিশঙ্কা, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, ধনাঞ্জয়া ডি সিলভা, মহীশ তিকসানা, দুনিথ ভেল্লালাগে, দুষ্মন্ত চামিরা, নুয়ান থুসারা, মাথিশা পাথিরানা, দিলশান মাদুশঙ্কা।
রিজার্ভ: আসিথা ফার্নান্দো, ভিজয়কান্ত ভিয়াসকান্ত, ভানুকা রাজাপাকশে, জানিথ লিয়ানাগে।