টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দেশের মাটিতে আর দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে আজ মিরপুরে মাঠে নামছেন নাজমুল হোসেন শান্তরা। ইতিমধ্যে সিরিজ জয় নিশ্চিত করা বাংলাদেশ টস হেরেছে, তবে আগে ব্যাটিং পেয়েছে। জিম্বাবুয়ে আগে বোলিং করবে।
সিরিজের শেষ দুই ম্যাচের জন্য সাকিব-মোস্তাফিজ-সৌম্যকে নিয়ে দল ঘোষণা করেছিল বাংলাদেশ। দলের সেরা তিন তারকাকে নিয়েই আজকের ম্যাচের একাদশ সাজিয়েছে স্বাগতিকরা।
তবে বাদ পড়ছেন লিটন দাস। অনেকদিন ধরেই ঠিক ছন্দে নেই লিটন, তাঁর জায়গায়ই ঢুকেছেন সৌম্য সরকার। সাকিব-মোস্তাফিজকে জায়গা দিতে বাদ পড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও মাহমুদউল্লাহ রিয়াদ! সাইফউদ্দিন চোট কাটিয়ে দেড় বছর পর এই সিরিজ দিয়েই দলে ফিরেছিলেন, তিন ম্যাচ পরই তাঁকে আবার বিশ্রামে পাঠিয়েছে টিম ম্যানেজমেন্ট। মাহমুদউল্লাহকে বিশ্রাম দেওয়া হয়েছে বলেই ধারণা করা হচ্ছে।
বাংলাদেশের জার্সিতে প্রায় এক বছর পর টি-টোয়েন্টিতে মাঠে নামছেন সাকিব। এর আগে ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে সিলেটে বাংলাদেশের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন সাকিব। যেখানে অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে ম্যাচ সেরাও হয়েছিলেন। লম্বা সময় ধরে টি-টোয়েন্টি না খেলা সাকিব অবশ্য ফর্মেই আছেন। জিম্বাবুয়ে সিরিজের প্রথম তিন ম্যাচ না খেলে সদ্য সমাপ্ত ডিপিএলে ৭৩ বলে সেঞ্চুরি করেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
এদিকে সাকিবের সঙ্গে ফিরেছেন ইনজুরির কারণে দলের বাইরে থাকা সৌম্য সরকার। এছাড়া আইপিএল থেকে মাঝপথে দেশে ফিরে পরিবারের সঙ্গে সময় কাটিতে বাংলাদেশের জার্সিতে ফিরেছেন মোস্তাফিজুর রহমান।
টানা তিন ম্যাচ হারা জিম্বাবুয়ে তাদের একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। জয়লর্ড গাম্বি ও ক্রেইগ আরভিনের বদলে একাদশে ঢুকছেন রায়ার্ন বার্ল ও রিচার্ড এনগারাভা।
বাংলাদেশ একাদশ:
সৌম্য সরকার, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ।