গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর বাংলাদেশ দলের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় তাসকিন আহমেদের ইনজুরি। সিরিজের চতুর্থ ম্যাচেই পুরোনো সাইড স্ট্রেইনের চোটে ভুগেছেন তাসকিন, কাল পঞ্চম ও শেষ ম্যাচের আগে অনুশীলনে চোটের তীব্রতা বাড়ে। যে কারণে কাল খেলেননি এই ডানহাতি পেসার। চোট পাওয়া তাসকিন গতকালই হাসপাতালে গিয়েছেন স্ক্যান করাতে। শঙ্কা ছিল বিশ্বকাপে যেতে পারবেন তো এই ডানহাতি পেসার!
অবশেষে আজ সেই শঙ্কা অনেকটাই কেটে গেছে। বিসিবির সূত্রে জানা গেছে, বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াডে থাকছেন তাসকিন আহমেদ। তবে বিশ্বকাপে তাঁর থাকার সম্ভাবনা থাকলেও বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের মাটিতে সিরিজে তাসকিন থাকছেন না। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের মাটিতে তাদের বিপক্ষে তিন টি-টোয়েন্টির একটা সিরিজ খেলবে বাংলাদেশ।
নাম প্রকাশ না করার শর্তে বিসিবির একটি সূত্র ইনডিপেনডেন্ট টেলিভিশনকে জানিয়েছে, তাসকিনের চিড় ধরা পড়েছে, সুস্থ হতে তিন সপ্তাহ সময় লাগবে। তাসকিনের স্ক্যান রিপোর্ট যুক্তরাষ্ট্রে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে। তবে বিশ্বকাপ দলে এই ডানহাতি পেসার থাকছেন বলে জানিয়েছে সূত্রটি।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ-সেরা তাসকিন আহমেদকে নিয়েই আগামী বুধবার ১৫ মে যুক্তরাষ্ট্রের বিমান ধরবে বাংলাদেশ, এটাই জানিয়েছেন ওই সূত্র।
এদিকে বাংলাদেশের বিশ্বকাপের দল ঘোষণা করা হবে আগামীকাল। এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে আগামীকাল ১৪ মে দুপুর ১২টা ৩০ মিনিটে মিরপুরে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করা হবে।
জিম্বাবুয়ে সিরিজের স্কোয়াড থেকে বাংলাদেশের বিশ্বকাপ দলে বড় কোনো পরিবর্তন থাকছে না। জানা গেছে, বিশ্বকাপের ১৫ সদস্যের দলের সঙ্গে রিজার্ভ ক্রিকেটার নিয়েই যুক্তরাষ্ট্রের বিমান ধরবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।