ভারতের বিশ্বকাপ দল নিয়ে উথাপ্পা 

‘সিনিয়র ক্রিকেটারদের ২০২২ বিশ্বকাপের পরই সরে যাওয়া উচিত ছিল’

ভারতের বিশ্বকাপ দল ঘোষণার পর থেকেই অনেক আলোচনা চলছে। বিশ্বকাপের ১৫ সদস্যের দলে জায়গা পাননি ওপেনার শুভমান গিল ও হার্ড হিটার রিংকু সিং। এই দুই ক্রিকেটারকে বিশ্বকাপের ট্রাভেলিং রিজার্ভ হিসেবে নিয়ে যাচ্ছে ভারত। তরুণ ক্রিকেটাররা বিশ্বকাপ দলে না থাকায় সিনিয়র ক্রিকেটারদের একহাত নিয়েছেন সাবেক ক্রিকেটার রবিন উথাপ্পা।

গতকাল আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাট টাইটানসের ম্যাচের আগে এক টিভি শো-তে ভারতের বিশ্বকাপ দল নিয়ে নিজের মতামত জানাতে গিয়ে উথাপ্পা বললেন, সিনিয়র ক্রিকেটারদের গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই সরে যাওয়া উচিত ছিল। 

কিউই তারকা অলরাউন্ডার স্কট স্টাইরিস ২০০৭ বিশ্বকাপে ভারতের তরুণ দলের চ্যাম্পিয়ন হওয়ার কথা স্মরণ করিয়ে উথাপ্পাকে জিজ্ঞাসা করেন, এই বিশ্বকাপের পরে ভারত কি ২০০৭ বিশ্বকাপের মতো সিনিয়রদের বিশ্রাম দিয়ে পরিকল্পনা সাজাবে? প্রসঙ্গত, ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত গিয়েছিল শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলের মতো বিশ্রাম দিয়ে। দল সাজানো হয়েছিল তরুণদের নিয়ে, অধিনায়ক করা হয় মহেন্দ্র সিং ধোনিকে। শেষ পর্যন্ত নাটকীয় ফাইনালে সেবার শিরোপাই জিতে যায় ভারত! 

কাল টিভি শো-তে স্টাইরিসের ওই প্রশ্নের জবাবে উথাপ্পা বললেন, এই বিশ্বকাপেই তরুণদের খেলানো উচিত ছিল। রোহিত-কোহলির মতো সিনিয়রদের আগেই সরে যাওয়া উচিৎ ছিল জানিয়ে উথাপ্পা বললেন, ‘এসব বলার জন্য আমাকে নিয়ে অনেক কটূক্তি হবে কিন্তু আমি তা মেনে নেব। আমার মনে হয়, ওদের নিজ থেকেই গত বিশ্বকাপের পর সরে যাওয়া উচিত ছিল। আমার মনে হয় তরুণদের এই বিশ্বকাপে খেলানো দরকার ছিল। সিনিয়র ক্রিকেটাররা তাদের সুযোগ পেয়েছিল এবং এরা (তরুণ) সত্যিকারের সম্ভাবনা দেখাচ্ছে। সত্য হলো, ওরা আইপিএলে ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছে... শুভমান গিলের মতো যারাই পারফর্ম করছে, ওদের ওখানে (বিশ্বকাপ দলে) রাখা যেত।’ 

গিলকে নিয়ে উচ্চকিত দেখাল উথাপ্পাকে, ‘ও (গিল) বর্তমানে যেকোনো বিশ্বকাপের অংশ হওয়া উচিত। ও যে সম্ভাবনা, সামর্থ্য, ক্ষুধা দেখিয়েছে এবং ও যা অর্জন করতে চায়…সব মিলিয়ে অসাধারণ। ওদের (তরুণ ক্রিকেটারদের) এখনই সুযোগ পাওয়া উচিত। বিশ্বকাপের মতো সর্বোচ্চ পর্যায়ে ওদের সুযোগ পাওয়া উচিত।’