আইপিএলের আকর্ষণ এখন বিশ্বকাপে ভারতের দুশ্চিন্তার কারণ

ক্রিকেটবিশ্বকে ইমপ্যাক্ট প্লেয়ার শব্দটার সঙ্গে পরিচিত করিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দেশটির ঘরোয়া টুর্নামেন্ট মুশতাক আলী ট্রফিতে পরীক্ষামূলক প্রচলনের পর এবার আইপিএলে এ নিয়ম চালু করেছে বিসিসিআই।

নতুন এ নিয়মের প্রভাব ভালো মতোই দেখা গেছে আইপিএলে। অতিরিক্ত একজন খেলোয়াড়ের সুবিধা নিয়েছে দলগুলো। এতে আইপিএলে জুড়ে রানবন্যা দেখা গেছে। পাশাপাশি আগের সব রেকর্ড নতুন করে লেখা হয়েছে।

নতুন এ নিয়ম চালুর পর থেকেই এর পক্ষে-বিপক্ষে মত আসছে। সম্প্রতি ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের সমালোচনা করেছেন ভারত জাতীয় দলের অভিজ্ঞ দুই ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। এ দুজনের সঙ্গে তাল মিলিয়েছেন দেশটির আরেক সিনিয়র ক্রিকেটার শিখর ধাওয়ান। ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ে বলতে গিয়ে তিনি জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে এ নিয়ম না থাকায় বড় প্রভাব পড়তে পারে।

পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে ধাওয়ান বলেছেন, ‘আমার মনে হয় এ বছর খেলাটাই বদলে গেছে। সে কারণে হরহামেশাই ২৫০ রান হচ্ছে। অবশ্যই (খেলোয়াড়দের) মানসিকতা বদলে গেছে।’

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম না থাকায় দলগুলো ভুগবে বলে মনে করেন ধাওয়ান, ‘কিন্তু যখন আপনি বিশ্বকাপে খেলতে যাবেন, সেখানে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নেই। এর প্রভাবটা চোখে পড়বে নিশ্চয়ই। এটা (ইমপ্যাক্ট প্লেয়ার আইন) অবশ্যই পার্থক্য গড়ে দেবে। এখন দেখার বিষয়, আমরা কীভাবে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেই।’

আইপিএল জুড়ে যে আক্রমণাত্মক মেজাজের ক্রিকেট দেখা যাচ্ছে, এর পেছনে নতুন এ নিয়মকেই দায়ী করলেন পাঞ্জাব কিংসের অধিনায়ক, ‘ইমপ্যাক্ট প্লেয়ার চালু হওয়ার পর থেকে (খেলোয়াড়দের) মানসিকতা বদলে গেছে। মিডল অর্ডারের একজন ব্যাটসম্যান জানেন, ৮-৯ নম্বর পর্যন্ত ব্যাটসম্যান আছে, সে কারণে তিনি আক্রমণে যেতে পারছেন, আর রানটাও বেশি হচ্ছে।’