আইপিএল কাল মহারণ দেখেছে। অনেকের চোখে, এটি এবারের মৌসুমের ফাইনাল হলেই বেশি মানাত! একদিকে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস, অন্যদিকে বিরাট কোহলির বেঙ্গালুরুর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু – একটা বাঁচা-মরার ম্যাচে এর চেয়ে বড় উপলক্ষ আইপিএলে আর কী হতে পারে!
ফাইনাল নয়, কালকের ম্যাচটি ছিল এবারের আইপিএলের প্লে-অফে জায়গা করে নেওয়ার। তাতে সমীকরণ মেলানো ২৭ রানের জয়ে প্লে-অফে উঠে গেছে কোহলির বেঙ্গালুরু, ধোনির চেন্নাই বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই।
কিন্তু এমন দিনেই বিতর্কের মুখে পড়েছেন কোহলিরা। ম্যাচের পর ধোনির নেতৃত্বে চেন্নাইয়ের খেলোয়াড়েরা অনেকক্ষণ অপেক্ষা করেছেন, কিন্তু টানা ছয় ম্যাচ জিতে এবং গতকাল রোমাঞ্চ ছড়ানো ম্যাচে অনেক হিসেবনিকেশ মেলানো জয়ের কারণে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠা কোহলিরা তাঁদের সঙ্গে হাত মেলাতে যাননি। এ নিয়ে কোহলিদের কড়া সমালোচনা করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন।
আইপিএলে – ক্রিকেটেও - এটাই ধোনির শেষ ম্যাচ হয়ে থাকল কি না, এ নিয়ে আলোচনা হচ্ছে অনেক। ধোনি এখনো কোনো ঘোষণা দেননি, কাল ম্যাচ শেষ করে রাঁচির বাড়িতেও ফিরে গেছেন। তবে এটাই যদি শেষ ম্যাচ হয়ে থাকে ধোনির, সে ক্ষেত্রে তাঁর সঙ্গে যথাযথভাবে হাত না মেলানোয় বেঙ্গালুরুর খেলোয়াড়েরা নিজেদেরই পরে শাপ-শাপান্ত করবেন বলে মনে করেন ভন।
ম্যাচের পর ভারতীয় সংবাদমাধ্যম ক্রিকবাজের বিশ্লেষণে ভন বলেছেন, ‘আরসিবির (বেঙ্গালুরু) অনেক সমর্থন আছে, তবে আজ তারা অনেক সমর্থককে বিরক্তও করে ফেলেছে। আমি সেটা নিজের চোখেই দেখেছি। (ম্যাচের পর বেঙ্গালুরুর) উদ্যাপনের ব্যাপারটা আমি বুঝতে পারছি, কখনো আইপিএল জেতাও হয়নি তাদের…।’
কিন্তু উদ্যাপনের অন্যপ্রান্তে যখন ধোনির মতো একজন কিংবদন্তির সম্ভাব্য শেষ ম্যাচে তাঁকে সম্মান জানানোর প্রশ্ন আসে, বেঙ্গালুরুকে নিয়ে ভনের আপত্তি সেখানেই, ‘একটা দলের খেলোয়াড়দের পরিস্থিতি বোঝার ক্ষমতা দেখানোর একটা মুহূর্তের কথাও যদি বলেন, সেটা ছিল এটি। নিশ্চিত করে কেউ জানি না, কিন্তু এটাই এমএসডির (ধোনি) শেষ ম্যাচ হয়ে থাকতে পারে। অথচ ওই খেলোয়াড়েরা (বেঙ্গালুরুর) মাঠজুড়ে দৌড়ঝাঁপ করে বেড়িয়েছে, একে অন্যের সঙ্গে হাত মিলিয়েছে, অথচ ওই কিছুক্ষণের জন্য ওদের উচিত ছিল একজন কিংবদন্তিকে সম্মান জানানো। আগে তো ওর (ধোনি) সঙ্গে হাত মেলাবে, তারপর ডিগবাজি খাওয়ার অনেক সময় পাওয়া যেত।’
শেষ পর্যন্ত ধোনি অবসরের ঘোষণা দিয়ে দিলে বিদায়ী হয়ে যাওয়া এই ম্যাচে তাঁকে যথাযথ সম্মান না দেখানোয় কোহলিদেরই খারাপ লাগবে বলে মনে করেন ভন। ক্রিকবাজে তা-ই বললেন, ‘আমরা এখানে আইকনিক একজন খেলোয়াড়কে নিয়ে কথা বলছি। আমি আরসিবির একজন খেলোয়াড় হলে আগামীকাল সকালে উঠে এটা ভাবতে ভালো লাগত না যে, “আয়হায়! এমএস ধোনি অবসর ঘোষণা করেছেন, আর আমরা (তাঁর শেষ ম্যাচে) তাঁর সঙ্গে হাত মেলানোর ভদ্রতাটুকুও দেখাইনি!”’
কোহলিরা যখন উদ্যাপনে মত্ত, ধোনি পুরো দল নিয়ে কিছুক্ষণ মাঠে অপেক্ষা করে পরে ড্রেসিংরুমে ঢুকে গেছেন। যাওয়ার পথে বেঙ্গালুরুর কোচিং স্টাফের দুয়েকজন সদস্যের সঙ্গে হাত মিলিয়েছেন। এনডিটিভি অবশ্য বলছে, কোহলি উদ্যাপন শেষে ধোনিকে খুঁজে তাঁর সঙ্গে দেখা করেছেন। বেঙ্গালুরুর বাকি খেলোয়াড়েরাও ড্রেসিংরুমে গিয়ে পরে ধোনির সঙ্গে হাত মিলিয়েছেন কি না, তা অবশ্য জানা যায়নি।