লিটন নাকি সৌম্য- ওপেনিংয়ে কাকে বেছে নেবে বাংলাদেশ?

টি-টোয়েন্টি বিশ্বকাপ মানেই যেন বাংলাদেশের ওপেনিং নিয়ে দুশ্চিন্তা। ২০২১ বিশ্বকাপে তামিম ইকবালকে পায়নি বাংলাদেশ। তাঁর অবসরের পরও ওপেনিং জুটি গোছাতে পারেনি বাংলাদেশ।

২০২২ বিশ্বকাপে এতটাই পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল যে দুর্দান্ত ফর্মের লিটনকে মিডল অর্ডারে পাঠিয়ে নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকারকে নামানো হয়েছিল। মেহেদী হাসান মিরাজকেও বাজিয়ে দেখা হয়েছিল বিশ্বকাপের আগে।

তানজিদ হাসান তামিমের আবির্ভাবে ওপেনিং জুটিতে লিটনের যোগ্য সঙ্গী পেয়েছে বাংলাদেশ। কিন্তু ওপেনিং জুটি নিয়ে ঝামেলা তাতে মিটছে কোথায়? লিটন নিজেই যে ফর্ম হারিয়ে বসে আছেন!

ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না লিটন দাসের। জিম্বাবুয়ে সিরিজের সর্বশেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচে একাদশে জায়গা পাননি। লিটনের বদলে তানজিদ হাসান তামিমের সঙ্গে ওপেন করেছেন সৌম্য সরকার।

২০২৪সালে ৬ টি-টোয়েন্টিতে ৭৯ রান লিটনের। সর্বোচ্চ ৩৬ রান। স্ট্রাইকরেট এক শর নিচে এই টপ অর্ডার ব্যাটসম্যানের। ওদিকে হাথুরুসিংহের আবির্ভাবে ক্যারিয়ার পুনর্জীবিত হয়েছে সৌম্যের। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ম্যাচে তামিমের সঙ্গী ছিলেন তিনি। এক ম্যাচে ৪১ রান করলেও তাঁর ব্যাট ঠিক আস্থা দিচ্ছে না।

গত এক বছরে ৮ ম্যাচ খেলে ১২৩ রান। ১১৯ স্ট্রাইকরেটও তাঁকে নিয়ে উচ্ছ্বসিত হওয়ার সুযোগ দিচ্ছে না। অলরাউন্ড ক্ষমতার জন্য তাঁকে নিয়ে কোচের বাড়তি আগ্রহ থাকলেও এই সময়ে মাত্র ১ উইকেটপ্রাপ্তি ও ওভারপ্রতি সাড়ে ৮ রান দেওয়া বলছে, সাকিবের বিকল্প অন্তত তাঁর পক্ষে হওয়া সম্ভব না।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের আজ প্রথম ম্যাচে তাহলে ওপেনিংয়ে কাকে দেখা যাবে? লিটন দাসকে? নাকি তামিমের সঙ্গে সৌম্যর মাঝেই আস্থা রাখবে টিম ম্যানেজমেন্ট?

পাঠক আপনার কী মনে হয়, তামিমের সঙ্গে কে নামলে ভালো হবে বাংলাদেশের জন্য?