৮ তারিখে ম্যাচ, ৫ তারিখে দৌড়ে বোলিং করবেন তাসকিন

টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে তাসকিন আহমেদের থাকা নিয়ে শঙ্কা ছিল। তবে সেই শঙ্কা উড়িয়ে চোটে থাকা তাসকিনকে সহ-অধিনায়ক করেই বিশ্বকাপ খেলতে গিয়েছে বাংলাদেশ। তবে ডানহাতি এই পেসার কবে ফিরবেন মাঠে তা নিয়ে ছিল অনেক আলোচনা। অবশেষে আজ তাসকিনের চোট নিয়ে সুসংবাদ দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। 

আইসিসির নিয়ম অনুযায়ী, গতকাল রাতে শেষ হয়েছে বিশ্বকাপ দলে পরিবর্তন আনার শেষ সময়। বাংলাদেশ দলে তাসকিনকে শতভাগ ফিট পাওয়া নিয়ে একটা দুশ্চিন্তা ছিল। তবে আজ সেই চিন্তা দূর করেছেন প্রধান নির্বাচক।  

শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের প্রধান নির্বাচক বিশ্বকাপ দল পরিবর্তন প্রসঙ্গে বলেছেন, ‘এটা মূলত একটা আনুষ্ঠানিকতার ব্যাপার ছিল। বাড়তি সুবিধা দেওয়ার জন্য প্রতিটি দলকেই দেওয়া হয়েছিল সুযোগটা। সেই আলোকে আমরা ২৪ তারিখ দুবাই সময় রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সময় পেয়েছিলাম। নিয়ম মেনে আমরা নির্বাচকেরা অধিনায়ক ও কোচের সঙ্গে আলোচনা করেছি। যে দলটা আমাদের এই মুহূর্তে আছে, সেই দলটিই আমরা বহাল রেখেছি। তাসকিনও দলে আছে।’ 

তাসকিনের চোটের অবস্থা এখন উন্নতির দিকে জানিয়ে লিপু বলেন, ‘তাসকিনের আরেকটা এমআরআই হয়েছে। যে গতিতে তার অগ্রগতি হবে প্রত্যাশা করা হয়েছিল, তার চেয়ে ভালো করছে সে। ৩০-৩১ তারিখের দিকে আরেকবার তাকে দেখবে। এরপর ১ তারিখ হয়তো বোলিং শুরু করবে। তার আগে এখন থেকেই ট্রেনিং শুরু করবে। আশা করা যায় ৫ তারিখ থেকে তাসকিন ফুল রানআপে বোলিং করবে।’