জ্যাকস-সল্টদের নিয়ে ভন

পাকিস্তানের সঙ্গে খেলার চেয়ে আইপিএলে খেললেই ভালো হতো  

প্রথম টি-টোয়েন্টি ভেসে গেল বৃষ্টিতে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে গতকাল পাকিস্তানকে সহজেই ২৩ রানে হারিয়েছে ইংল্যান্ড। জস বাটলারের ৫১ বলে ৮৪ রানের সৌজন্যে আগে ব্যাট করে ইংল্যান্ড করে ১৮৩ রান, পাকিস্তানের হয়ে ফখর জামানের (২১ বলে ৪৫) বাইরে ত্রিশের ঘরেই যেতে পেরেছেন শুধু বাবর আজম।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চার টি-টোয়েন্টির এই সিরিজ খেলতেই আইপিএল ছেড়ে গেছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা, এই সিরিজের জন্য আইসিসির আয়োজিত প্রস্তুতি ম্যাচও খেলছে না পাকিস্তান আর ইংল্যান্ড।

এই সিরিজ নিয়ে বিরূপ এক মন্তব্য করে বসেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। তাঁর চোখে, পাকিস্তানের বিপক্ষে এই সিরিজের চেয়ে উইল জ্যাকস, ফিল সল্ট, জস বাটলারের মতো আইপিএলে প্লে-অফে খেলা দলের ইংলিশ খেলোয়াড়েরা আইপিএলে খেলে গেলেই সেটা বেশি ভালো হতো ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য।

আইপিএলে প্লে-অফের আগে ইংল্যান্ডের খেলোয়াড়দের আইপিএল ছেড়ে যাওয়া সুনীল গাভাস্কার, ইরফান পাঠানের মতো ভারতের সাবেকরা অনেক ক্ষোভ ঝেড়েছেন। মাইকেল ভন অবশ্য দিন কয়েক আগে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চেয়ে ইংলিশ ক্রিকেটারদের দেশের হয়ে খেলার ব্যাপারেই গলা চড়িয়েছিলেন। কিন্তু আইপিএলে বিশ্লেষক হিসেবে কাজ করতে এই মুহুর্তে ভারতে থাকা ভনের সুর পাল্টে গেল কয়েকদিনের মধ্যেই।

এখন তাঁর মনে হচ্ছে, আইপিএল প্লে-অফের চাপ, দর্শকের আগ্রহ, আবহ – সব মিলিয়ে এখানে খেলাই সল্ট-জ্যাকস-বাটলারদের জন্য বেশি ভালো হতো। ‘আমার মনে হচ্ছে সব খেলোয়াড়কে দেশে ফিরিয়ে নিয়ে ওরা (ইংল্যান্ড) একটা ভুল করেছে। আমার মতে, বিশেষ করে উইল জ্যাকস, ফিল সল্ট, জস বাটলাররা যদি আইপিএলের প্লে-অফে খেলত, তাহলে এই যে চাপ, দর্শক, প্রত্যাশা…আমি তো বলব, প্রস্তুতির জন্য এখানে (আইপিএলে) খেলাই বরং পাকিস্তানের সঙ্গে কয়েকটা টি-টোয়েন্টি খেলার চেয়ে ভালো হতো।’

তবে এমন মন্তব্য দিয়ে যে দেশের চেয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে এগিয়ে রাখছেন না, সেটাও ব্যাখ্যা করেছেন ভন, ‘আন্তর্জাতিক ক্রিকেট আমার কাছে সব সময়ই এগিয়ে থাকবে, তবে মাঝে মধ্যে – বিশেষ করে এই টুর্নামেন্টের ক্ষেত্রে বলব, এখানে আপনাকে ভীষণ চাপের মধ্যে খেলতে হয়। খেলোয়াড়দের এখানে দর্শকের চাপ সইতে হয়, মালিকপক্ষের চাপ, সামাজিক যোগাযোগমাধ্যমের চাপ সয়ে খেলতে হয়। এই চাপ অবিশ্বাস্য!’

সে কারণেই জ্যাকস-সল্টদের মতো তরুণদের জন্য আইপিএলে চাপের মুখে খেলাটাই বরং বেশি কাজে আসত বলে মনে হচ্ছে ভনের, ‘আমার মনে হচ্ছে বিশেষ করে এই দুজন – বাটলার অতটা নয়, তবু সেও থাকতে পারত – তবে উইল জ্যাকস আর ফিল সল্টের ক্ষেত্রে আমি বলব, ওদের জন্য দেশে ফিরে গিয়ে কয়েকটা ম্যাচ খেলার চেয়ে আইপিএলে থাকলেই প্রস্তুতিটা বেশি ভালো হতো।’

ভনের এই কথাগুলো তাঁর সপ্তাহখানেক আগের কথার পুরো বিপরীত বলা যায়। সপ্তাহখানেক আগে যখন ইংল্যান্ডের ক্রিকেটাররা আইপিএল ছাড়ছেন, ভন বলেছিলেন, ‘যদি কেউ দেশের হয়ে খেলতে যায়, যেটা ইংল্যান্ডের খেলোয়াড়রা করছে, আমার মতে সেটা যথাযথ সিদ্ধান্ত। ওরা পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে যাচ্ছে। পাকিস্তানের বিপক্ষে না হলে ইংল্যান্ডের ক্রিকেটাররা হয়তো যেত না।’