মাহমুদউল্লাহর মনে হয়েছিল গত বিশ্বকাপ দলে তিনিও থাকতে পারতেন

বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে। তবে পরের বছরই দলে জায়গা হারান, খেলতে পারেননি বিশ্বকাপে। এরপর ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে ওয়ানডে দল থেকেও দীর্ঘ সময় ছিলেন বাইরে। দুর্দান্ত প্রত্যাবর্তনের মাধ্যমে ফিরেছেন দলে, বিশ্বকাপের মঞ্চে সেঞ্চুরিও করেছেন। মাহমুদউল্লাহ রিয়াদের জাতীয় দলে ফেরার পথটা এখন সকলের জন্যই অনুপ্রেরণার। 

ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে ফিরে আসা এই অলরাউন্ডার চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের সেরা ব্যাটসম্যানদের একজন। বর্তমানে একাদশে নিশ্চিত জায়গা করে নেওয়া রিয়াদ জানিয়েছেন ২০২২ বিশ্বকাপ দলে তাঁর না থাকার হতাশার কথা। 

আজ বিসিবি নিয়মিত আয়োজন 'গ্রিন রেড স্টোরিটতে' প্রকাশিত ভিডিও বার্তায় মাহমুদউল্লাহ বিশ্বকাপে ভালো করার প্রত্যয় জানিয়ে বলেন, ‘সুযোগ সবসময় থাকে, কখনো আমাদের চেষ্টার কোনো কমতি থাকে না। ইনশাআল্লাহ হয়তো এবার আমরা ভালো কিছু করব। ট্রফি... এটা আমার মনে হয় যে, একটু ভাগ্যেরও সাহায্য লাগে। আমরা কয়েকটা ইভেন্টে খুব কাছাকাছি গিয়েছিলাম। তবে, দুর্ভাগ্যজনক আমরা পারিনি। আমাদের জন্য একটি সুযোগ রয়েছে বিশ্বকাপে। আমাদের সমর্থন করুন, বিশ্বকাপে যা সম্ভব সবই করব আমরা।’

বিশ্বকাপে নিজের লক্ষ্য সম্পর্কে রিয়াদ জানান, 'ব্যক্তিগত লক্ষ্য নিয়ে চিন্তা করি না। দলের লক্ষ্য যদি অর্জন হয় ওটাতেই খুশি। টি-টোয়েন্টি ক্রিকেট বলা যায় না, যেকোনো কিছু হতে পারে। আমাদের যেমন প্রস্তুতি দেখা যাক…সব কিছু নির্ভর করছি কীভাবে আমরা শুরু করছি। শুরুটা ভালো হলে অনেক দূর যাব।'

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক থাকা মাহমুদউল্লাহ পরের বিশ্বকাপে দলেই জায়গা পাননি। সে সময়ের কথা জানিয়ে রিয়াদ বলেন, ‘২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে না থেকে খুবই খারাপ লেগেছিল। মনে হয়েছিল আমি দলে থাকতে পারতাম। কিন্তু কোনো কারণে হয়নি। সেটার জন্য আমার কোনো আফসোসও নেই। সবসময় যেটা বলি নিজের পারফরম্যান্স দিয়ে দলের জন্য অবদান রাখতে চাই। সবসময় নিজের সর্বোচ্চটাই নিংড়ে দিই।

চলমান বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিতে যাওয়া নাজমুল হোসেন শান্তর প্রশংসা করে রিয়াদ বলেন, সে খুব ভালো নেতা। খুব ভালো অধিনায়ক। গেম-সেন্স খুব ভালো। ম্যাচের প্রতি মনোযোগও খুব ভালো। কিন্তু আমাদের তাকে সময় দিতে হবে। কিছুদিন হলো অধিনায়কের দায়িত্ব পেয়েছে, সময় দিতে হবে তাকে। আশা করি ওর যে নেতৃত্বগুণ আছে, ইনশা-আল্লাহ বাংলাদেশের জন্য ভালো করবে।’