দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শরীফুলকে পাবে বাংলাদেশ? জানালেন হাথুরুসিংহে

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বোলিং ইউনিটের অন্যতম সেরা বোলার শরীফুল ইসলাম। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচেই এই বাঁহাতি পেসারকে পায়নি বাংলাদেশ। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোট পেয়েছিলেন শরীফুল। হাতে ৬টি সেলাই লেগেছিল। শঙ্কা ছিল বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে পারেন তিনি। 

তবে শঙ্কা কেটেছে শরীফুলকে নিয়ে। এতটুকু নিশ্চিত, বিশ্বকাপে দেখা যাবে তাঁকে। তবে নিউইয়র্কে আজ রাত ৮টা ৩০ মিনিটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কি বাঁহাতি পেসারকে পাবে বাংলাদেশ? ম্যাচের আগে কোচ চন্ডিকা হাথুরুসিংহের উত্তর থেকে চাইলে আশাবাদী হওয়া যায়! 

প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামার আগে যুক্তরাষ্ট্রের সময় গতকাল অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, ‘ও (শরীফুল) আজ বোলিং করেছে। আজকে সে অনেকটাই ফিট। যদিও আরও (ফিট) হওয়া বাকি আছে। তার বোলিংও ভালো। সে কোনও সেলাই ছাড়া আজ বোলিং করছে। আশা করছি, আজকের পর থেকে সে দলে ঢোকার মতো অবস্থায় থাকবে।’

অবশ্য হাথুরুসিংহে ‘আজ’ বলতে গতকালের দিনটি বুঝিয়েছেন, নাকি আজকের ম্যাচ বুঝিয়েছেন, তা নিয়ে ধোঁয়াশা আছে। 

শরীফুল দক্ষিণ আফ্রিকা ম্যাচের জন্য ফিট হলেও টিম ম্যানেজমেন্ট তাঁকে নিয়ে ঝুঁকি নেবে কি না, সেটা নিয়েও সংশয় থাকছে। বিশ্বকাপে বাংলাদেশের আরও দুটি ম্যাচ আছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ বাংলাদেশ হেরে গেলেও পরের দুই ম্যাচে জিতে পরের পর্বে যাওয়ার সুযোগ থাকছে। সেটি বিবেচনায় নিয়ে টিম ম্যানেজমেন্ট শরীফুলকে নিয়ে ঝুঁকি নেয় কি না, তা-ই এখন দেখার।