বিধ্বংসী সাকিবের অনন্য রেকর্ড, কম যাননি মোস্তাফিজও

সেন্ট ভিনসেন্টে শুরুটা মোটেও সুখকর হয়নি বাংলাদেশের। নেপালের বিপক্ষে সুপার এইটে ওঠার ম্যাচ, অথচ এ ম্যাচেই কিনা সব উইকেট হারিয়ে নাজমুল হোসেন শান্তরা করলেন ‘মাত্র’ ১০৬ রান। আহামরি সংগ্রহ নয় নয়। কিন্তু এ ‘ছোট’ সংগ্রহকেই নেপালের জন্য এভারেস্ট সম কঠিন করে তুললেন তানজিম হাসান সাকিব। চার ওভারের বিধ্বংসী স্পেলে মাত্র ৭ রানে ৪ উইকেট নিয়েছেন পেসার।

সাকিবের বল যেন বুঝতেই পারছিলেন না নেপালি ব্যাটসম্যানরা। সুযোগ বুঝে অধিনায়ক শান্তও শুরুতেই সাকিবের বোলিং কোটা শেষ করালেন। অধিনায়কের সিদ্ধান্ত যে সঠিক ছিল, সেটা সাকিব প্রমাণ করেছেন দুর্দান্ত স্পেলে। আগুনঝরা বোলিংয়ে মাত্র ৭ রানে ৪ উইকেট নিয়েছেন, এর পাশাপাশি দারুণ একটি রেকর্ডে উঠেছে সাকিবের নাম। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এক ইনিংসে সবচেয়ে বেশি ২১টি ডট বল দেওয়ার রেকর্ড গড়েছেন বাংলাদেশি পেসারের।

অন্যদিকে মোস্তাফিজুর রহমানও কম যাননি। জাদুর বাক্স থেকে ছেড়েছেন একের পর এক কাটার-স্লোয়ার। শেষদিকে নিজের শেষ দুই ওভারে ১ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। নেপালের ১২ বলে ২২ দরকার ছিল- এমন গুরুত্বপূর্ণ সময়ে নিয়েছেন উইকেটসহ মেডেন ওভার। মোস্তাফিজের আজকের বোলিং ফিগার ছিল ৪ ওভারে ৭ রানে ৩ উইকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ২০টি ডট বল দিয়েছেন বাঁহাতি পেসার।

অবশ্য দুইয়ে মোস্তাফিজ একা নন। এক ইনিংসে ২০টি করে ডট বল দিয়ে তালিকায় আছেন প্রোটিয়া পেসার ওটনিল বার্টম্যান, কিউই পেসার ট্রেন্ট বোল্ট ও লকি ফার্গুসন এবং লঙ্কান স্পিনার অজন্তা মেন্ডিস। এর মধ্যে মেন্ডিস বাদে বাকি সবাই কীর্তি গড়েছেন এবারের বিশ্বকাপেই।