আফগানিস্তানকে পেয়ে জেতার আগে রেকর্ডও গড়ে নিয়েছে উইন্ডিজ

ম্যাচটা ছিল কেবলই নিয়মরক্ষার। ‘সি’ গ্রুপ থেকে আগেই সুপার এইট নিশ্চিত হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের। তাছাড়া এ ম্যাচের ফল কোনো পার্থক্যই গড়ত না। এমন ‘মূল্যহীন’ ম্যাচেও রেকর্ডের কমতি ছিল না। আগে ব্যাটিং করে ৫ উইকেটে চলমান বিশ্বকাপে রেকর্ড ২১৮ রান তোলে উইন্ডিজ। ক্যারিবিয়ানদের রানের চাপ সামলাতে পারেনি আফগানিস্তান। ১৬.২ ওভার ব্যাটিং করে ১১৪ রানে অলআউট হয়েছে আফগানরা। ১০৪ রানের বিশাল জয়ে সুপার এইটের প্রস্তুতিটা ভালোভাবেই সেরে নিল উইন্ডিজ।

দলের জয় সত্ত্বেও আফসোস করতে পারেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান নিকোলাস পুরান। মাত্র ২ রানের জন্য এ বিশ্বকাপের প্রথম সেঞ্চুরির মালিক হতে পারেননি এ উইকেটকিপার ব্যাটসম্যান। ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়ে ৫৩ বলে ৬ চার ও ৮ ছক্কায় ৯৮ রান করে রান আউট হয়েছেন পুরান। রান আউটের আফসোস থাকলেও বেশ কিছু কীর্তি গড়েছেন তিনি।

আজকের ৮টি ছয় মারার পথে সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে ৫০০ ছয়ের মাইলফলক পেরিয়েছেন পুরান। এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডটাও এখন পুরানের। আজকের ৮টি ছক্কাসহ ৮৪ ইনিংসে পুরানের ছক্কা এখন ১২৮টি। ছাড়িয়ে গেছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ক্রিস গেইলের ১২৪ ছক্কার রেকর্ড।

রেকর্ডের এখানেই শেষ নয়, আজ পাওয়ার প্লে-তে উইন্ডিজ ৯২ রান তুলেছে। যা টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ। বিশ্বকাপ একপাশে সরিয়ে রাখলে, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাওয়ার প্লেতে এটি চতুর্থ সর্বোচ্চ রান।

অথচ ব্যাটিংয়ে নেমে উইন্ডিজের শুরুটা মোটেও ভালো ছিল না। ইনিংসের দ্বিতীয় ওভারেই আউট হয়েছিলেন ওপেনার ব্র্যান্ডন কিং (৬ বলে ৭ রান)। এরপর উইকেটে আসেন পুরান। আর তখন থেকেই আফগানিস্তানের দুঃসময়ের শুরু। জনসন চার্লসকে সঙ্গে নিয়ে জুটি গড়ে আফগান বোলারদের ওপর ঝড় তোলেন পুরান।

ইনিংসের তৃতীয় ওভারে ফজল হক ফারুকিকে তিন বাউন্ডারি মেরে ১৫ রান তোলেন চার্লস। এটি দেখে যেন পুরান বুঝিয়ে দিতে চাইলেন, তিনিও কম যান না। আজমতউল্লাহ ওমরজাইয়ের পরের ওভারে পুরান নিলেন পাক্কা ৩৬ রান! আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পঞ্চম বোলার হিসেবে এক ওভারে ৩৬ রান দিলেন ওমরজাই। সব রান অবশ্য ব্যাট থেকে আসেনি। পুরান তিনটি ছক্কা ও দুটি চার হাঁকিয়েছেন। বাকি রানগুলো এসেছে নো বল, ওয়াইড এবং লেগবাই থেকে।

পুরান-চালর্স জুটিতে অষ্টম ওভারেই দলীয় ১০০ রান পেরিয়ে যায় উইন্ডিজ। তবে ওই ওভারের শেষ বলে চার্লস (২৭ বলে ৪৩ রান) আউট হয়ে যান। এরপর সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন পুরান। এছাড়া শাই হোপ (২৫) ও রোভমান পাওয়েলের (২৬) ছোট্ট দুটি ক্যামিওতে অনায়াসে দুই শ পেরিয়ে (২১৮/৫) যায় উইন্ডিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে এটিই উইন্ডিজের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

জবাবে তেমন প্রতিরোধই গড়তে পারেননি আফগানরা। ওপেনার রহমানউল্লাহ গুরবাজ রানের খাতা খোলার আগেই ড্রেসিংরুমে ফিরেছেন। এক প্রান্তে ইব্রাহিম জাদরান চেষ্টা চালালেও বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় বড় পরাজয় ভাগ্য বরণ করতে হয় আফগানিস্তানকে। ইব্রাহিম জাদরান ২৮ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেছেন। আফগানদের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেছেন ওমরজাই।