সেমিফাইনালে যাওয়ার চেষ্টা না করায় হতাশ

বাংলাদেশ আজ জিতলে বিবেকের কাছে হেরে যেতেন মাশরাফি

বাংলাদেশ দলের ক্রিকেটের ইতিহাসে আজ হতে পারত সেরা একটি দিন। প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনাল খেলার দ্বারপ্রান্তে ছিল বাংলাদেশ। আফগানিস্তানের দেয়া লক্ষ্য ১২.১ ওভারে টপকানোর সুযোগ পেয়েও কোনো চেষ্টা করেনি নাজমুল হোসেন শান্তর দল।

সেমিফাইনালে যাওয়ার ইচ্ছা না দেখে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা হতাশ হয়েছেন।

নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে বাংলাদেশের ম্যাচ শেষে এক পোস্টের মাশরাফি লেখেন, ‘এই ম্যাচ ১২.১ ওভারে জেতার জন্যই খেলা উচিত ছিল বাংলাদেশের। আর সেটি করতে গিয়ে যদি ৫০ রানেও অলআউট হতো দল, দর্শকরা সেটিকে সহজভাবে নিত।’ 

ব্যাটসম্যানদের ব্যাটিং নিয়ে মাশরাফি লিখেছেন, ‘লিটনের ইনটেন্ট আর নন-স্ট্রাইকের নীরবতা দেখে বোঝা যায় পরিষ্কার কোনো বার্তা বাংলাদেশের ব্যাটিং ইউনিটের কাছে ছিল না। যদি থেকেই থাকে, সেটা এক বা দুই ওভার পরপর পরিবর্তন হয়েছে। শেষমেশ এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে ম্যাচটা শুধু জেতা। অথচ আজকের হিসাব ছিল শুধুই ১২.১ ওভারের। এর বাইরে আর কিছু ভাবার সুযোগ ছিল না।’

মাশরাফির ফেসবুক পোস্ট।

বাংলাদেশ ইতিহাস গড়ার কাছে ছিল জানিয়ে মাশরাফি লেখেন, ‘আর যদি এই ম্যাচ জিততাম, বিবেকের কাছে হেরে যেতাম। এই ম্যাচ আর দশটা ম্যাচের মতো ছিল না আমাদের কাছে। এটা ছিল ইতিহাস গড়ার সমান। এরপরও অবশ্যই আশা দেখি বা দেখব ইনশাআল্লাহ।’

আফগানিস্তানের এমন পারফরম্যান্সে তাঁদের প্রশংসায় ভাসিয়েছেন মাশরাফি, ‘অভিনন্দন আফগানদের, কী দারুণ তাদের শারীরিক ভাষা শেষ পর্যন্ত লড়াই করে যাওয়া এবং শেষে তাদের সেলিব্রেশন। নিশ্চয়ই কাবুল এখন কাঁপছে।’