ভারতকে বিশ্বকাপ জেতানোর বোনাস নিয়ে দ্রাবিড়-রোহিতের মহত্ব মুগ্ধতা ছড়িয়েছে

ভারতের বিশ্বকাপ জয়ের পর বিসিসিআই বিশাল অঙ্কের অর্থ বোনাস ঘোষণা করে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ ১২৫ কোটি রুপি পুরো দল ও সাপোর্ট স্টাফদের দেয়ার ঘোষণা দেন। ঘোষিত বোনাসের মধ্যে প্রধান কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মার জন্য ৫ কোটি রুপি বরাদ্দ করে ভারতীয় ক্রিকেট বোর্ড। 

তবে সে বোনাসের অর্থ পাওয়ার পর যে মহত্ব দেখিয়েছেন ভারতের সদ্যবিদায়ী কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মা, সেটি মুগ্ধতা না ছড়িয়ে পারে না। দ্রাবিড় তাঁর সহযোগী কোচদের তুলনায় বেশি বোনাস নিতে অস্বীকৃতি জানিয়েছেন, অর্থাৎ, অন্য সহযোগী কোচদের সমান ২ কোটি ৫০ লাখ রূপি নিয়ে বাকি অর্থ ফিরিয়ে দিয়েছেন! 

ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, দ্রাবিড় তাঁর জন্য বরাদ্দ বোনাস থেকে আড়াই কোটি রুপি কম দেওয়ার অনুরোধ করেছেন। এমন কাজের পর থেকেই প্রশংসায় ভাসছেন দ্রাবিড়। 

তবে শুধু দ্রাবিড়ই এমন মহানুভবতা দেখাননি, ভারতীয় অধিনায়ক রোহিৎ শর্মাও তাঁর বরাদ্দকৃত অর্থের সবটা না নেওয়ার প্রস্তাব করেছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম দৈনিক জাগরান জানিয়েছে এ খবর। 

দৈনিক জাগরান লিখেছে, রোহিত শর্মা দলের সাপোর্ট স্টাফদের জন্যও সমান অর্থ দাবি করেন, সে জন্য নিজের বোনাসের অঙ্ক থেকে কম নেওয়ার প্রস্তাবও করেছিলেন রোহিত। 

ভারতের আরেক সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানাচ্ছে, প্রাথমিকভাবে দলের বিশ্লেষক, থ্রোডাউন স্পেশালিস্ট (অনুশীলনে যিনি ব্যাটসম্যানদের দিকে বল ছোঁড়েন), ম্যাসিউজ (যিনি খেলোয়াড়দের মাসাজ করেন), ফিজিও ও অন্য সাপোর্ট স্টাফদের জন্য আরও কম বোনাসের অঙ্ক বরাদ্দ করা ছিল। কিন্তু রোহিত সে সময়ে ভিন্ন পরামর্শ নিয়ে হাজির হন। 

রোহিতের এমন মহানুভবতা ভারতীয় দলের এক ক্রিকেটার নিশ্চিত করেছেন বলে জানিয়েছে দৈনিক জাগরান। সেই প্রতিবেদনে আরো বলা হয়, বার্বাডোজ থেকে ভারতে ফেরার সময় ফ্লাইটে ভারতীয় সেই ক্রিকেটার জানিয়েছেন, সাপোর্ট স্টাফদের বোনাসের অঙ্ক বাড়ানোর পরামর্শ দিয়ে রোহিত প্রয়োজনে তাঁর বোনাসের অঙ্ক কমিয়ে দিয়ে অনুরোধ করেছিলেন। 

রোহিতের ওই অনুরোধের পরই সাপোর্ট স্টাফদের বোনাসের অঙ্কটা ২ কোটি রূপি করে বিসিসিআই। ওদিকে দ্রাবিড় তাঁর সহযোগীদের সমান মর্যাদা দিতে নিজের বোনাসের অঙ্কের আড়াই কোটি ফিরিয়ে দিয়েছেন!