রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কার আন্দোলন ছড়িয়ে পড়েছে। এ নিয়ে চলমান আন্দোলনে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অনেক শিক্ষার্থী।
এমন পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থীদের এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশের জাতীয় দলের দুই ক্রিকেটার।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন পেসার শরীফুল ইসলাম। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমি একজন ক্রিকেটার হলেও একজন ছাত্র। আমি চাই না আর কোনো ছাত্রছাত্রীর রক্ত ঝরুক।’
শরীফুলের মতো জাতীয় দলের ব্যাটার তাওহিদ হৃদয়ও পাশে দাঁড়িয়েছেন ছাত্রদের। জাতীয় দলের ক্রিকেটার হৃদয় ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের একজন শিক্ষার্থী।
লোকপ্রশাসন বিভাগের এই শিক্ষার্থী বলেন, ‘সবকিছু থেকে দূরে আছি, তাই অনেক কিছুই দেখা হয়নি…। আমার প্রাণের ঢাকা ইউনিভার্সিটি, আর রক্তাক্ত না হোক।’
জাতীয় দলের এই দুই ক্রিকেটারই এখন শ্রীলঙ্কায়। লঙ্কা প্রিমিয়ার লিগে ক্যান্ডি ফ্যালকনসের হয়ে খেলছেন শরীফুল ইসলাম। তাওহিদ হৃদয় খেলছেন ডাম্বুলা সিক্সার্সের হয়ে।