সাঁতার শেষ করতেই মাথা ঘুরে পড়ে গেলেন সাঁতারু

প্যারিস অলিম্পিকের সাঁতারে এক মুহূর্তের জন্য আজ সময় যেন থমকে গিয়েছিল। সাম্প্রতিক সময়ে ফুটবল ও অন্য অনেক খেলায় মাঠেই খেলোয়াড়দের মৃত্যুর মতো ঘটনা বেড়ে যাওয়ার পর কেউ মাথা ঘুরে পড়ে গেলে ভয় ধরারই কথা। আজ তেমনই ভয় ছেয়ে গিয়েছিল প্যারিসের লা দেফন্স অ্যারেনায়।

সাঁতারে নিজের ইভেন্ট ২০০ মিটার মিডলেতে অংশ নেওয়ার পর পুল থেকে উঠতেই যে মাথা ঘুরে পড়ে যান স্লোভাকিয়ার নারী সুইমার তামারা পোতোচকা! তবে আপাতত জরুরি খবর, ২১ বছর বয়সী এই সাঁতারু জ্ঞান ফিরে পেয়েছেন, ডাক্তারদের সঙ্গে কথাও বলেছেন। তবে তাঁকে অক্সিজেন মাস্ক পরিয়ে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয়েছে। আরও পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার জন্য এরপর হাসপাতালে নেওয়া হয়েছে।

হিটে সপ্তম হওয়ায় সেমিফাইনালে জায়গা করে নিতে পারেননি তামারা। তবে সে নিয়ে ভাবার আর সময়ই তাঁর ছিল না। মাথা ঘুরে পড়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গেই পুলের পাশে জরুরি চিকিৎসা সেবা দেওয়া তাঁকে, অক্সিজেনও দেওয়া হয়।

পরে স্লোভাকিয়ান প্রতিনিধিদের দল বিবিসিকে জানিয়েছে, তামারা অ্যাজমার রোগী এবং ওই মুহূর্তে তাঁর অ্যাজমা অ্যাটাক হয়েছিল।