সরকারের জমি পাওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্রিকেটার

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপটা খুব একটা ভালো যায়নি মোহাম্মদ সিরাজের। গ্রুপপর্বে তিন ম্যাচে মাত্র ১ উইকেট পাওয়ার পর একাদশে জায়গা হারান তিনি। তবে বিশ্বকাপ জেতা দলের সদস্য হিসেবে দেশে ফেরার পর সবার ভালোবাসায় ভেসেছেন তিনি। বিসিসিআই বিশ্বকাপ দলের প্রত্যেক ক্রিকেটারকে ৫ কোটি রুপি পুরস্কারও দিয়েছে।

তবে তাঁর রাজ্যের মনে হয়েছে, নিজেদের ক্রিকেটারকে আরও পুরস্কৃত করা দরকার। তাই তেলেগু সরকার বিশ্বকাপ জেতার আনন্দে সিরাজকে একটি জমি উপহার দিয়েছে। এটা দেখে সাবেক ক্রিকেটার আম্বাতি রাইডুকেও জমি দেওয়ার প্রস্তাব করা হয়েছিল। সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন রাইডু।

সিরাজকে জমি ও সরকারের প্রথম শ্রেণির চাকরি দিয়েছে রাজ্যের কংগ্রেস সরকার। এতে বিরোধী দল ভারত রাষ্ট্র সমিতির সংসদ সদস্য কৌশিক রেড্ডি দাবি করেছেন ক্রিকেটার প্রজ্ঞান ওঝা, আম্বাতি রাইডু ও ব্যাডমিন্টন তারকা জওলা গুত্তকেও এই সম্মান দেওয়া হোক। প্রসঙ্গত, কৌশিক রেড্ডি নিজেও সাবেক ক্রিকেটার। রাজনীতিতে যোগ দেওয়ার আগে অন্ধ্র প্রদেশের হয়ে লিস্ট ‘এ’ ও প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন।

কিন্তু রাইডু এমন প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) বলেছেন, আর্থিক দিক থেকে ক্রিকেটাররা ভাগ্যবান। তাই যাদের আসলেই সাহায্য দরকার তাদের সাহায্য করতে বলেছেন তিনি।

টুইটার পোস্টে রাইডু বলেছেন, ‘শ্রদ্ধেয় কৌশিক রেড্ডি, আমি বুঝতে পারি ক্রীড়াবিদদের কথা বলাটা জরুরি। আমি খুবই খুশি যে ভারতীয় ক্রিকেটে অবদানের জন্য সিরাজকে সম্মান দেওয়া হচ্ছে। আমি কিছু চাইনি বা আশাও করিনি। সবধরনের খেলা ও খেলোয়াড়কে সমানভাবে সমর্থন দেওয়া জরুরি বিশেষ করে যাদের দক্ষতা উন্নতির জন্য সাহায্য দরকার।  আর্থিক দিক থেকে ক্রিকেটাররা বরাবরই সৌভাগ্যবান। আমি সম্মানের সাথে আমাকে জমি দেওয়ার আপনার প্রস্তাবটি বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিচ্ছি। বরং যাদের দরকার সেই ক্রীড়াবিদদের সাহায্য করতে বলছি।’