সবকিছু পরিবর্তন হয়েছে, আমাদের পারফরম্যান্সও যেন ভালো হয়: তাসকিন

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার জন্য নির্ধারিত সময়ের কয়েকদিন আগেই দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টেস্ট দলে দীর্ঘদিন পর ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। বিরতি দিয়ে সাদা পোশাকে ফেরা তাসকিন চান দলের পারফরম্যান্স যেন ভালো হয়। 

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। তবে তাসকিন খেলবেন মাত্র একটি টেস্ট। মূলত চোটে জর্জরিত তাসকিনের ধকলের কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত বিসিবির।

দেশ ছাড়ার আগে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই পেসার নিজের ফেরা নিয়ে জানিয়েছেন, ‘অবশ্যই আমি রোমাঞ্চিত অনেকদিন পর টেস্ট ক্রিকেটে ফিরতে পেরে। সবাই দোয়া করেন আল্লাহ যেন আমাদের সুস্থ রাখে। কারণ আপনারা যারা ক্রিকেট অনুসরণ করেন, কম-বেশি জানেন যে আমার কাঁধের সমস্যা রয়েছে। এর জন্য টেস্ট ক্রিকেট থেকে দূরে ছিলাম, যাতে করে আমার শোল্ডার ভালো থাকে।’

বাংলাদেশে বড় ধরনের পরিবর্তন এসেছে, তাসকিনের চাওয়া নিজেদের পারফরম্যান্সও যেন ভালো হয়, ‘দেশকে যেন বড় সংস্করণে ম্যাচ জেতাতে পারি এটাই (চাওয়া)। আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ। আপনারাও দোয়া করেন। সবকিছু পরিবর্তন হয়েছে, আমাদের পারফরম্যান্সও যেন ভালো হয় এবং সবাইকে যেন একটু খুশি করতে পারি, ইনশাআল্লাহ দোয়া করবেন।’