বাংলাদেশের খেলা মাঠ থেকে দেখতে পারবেন না দর্শক

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। ২১ আগস্ট সিরিজের প্রথম টেস্ট রাওয়ালপিন্ডিতে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ আগস্ট করাচিতে। তবে দ্বিতীয় টেস্ট নিয়ে ভক্তদের দুঃসংবাদ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

করাচির ন্যাশনাল স্টেডিয়ামে হতে যাওয়া এই টেস্ট মাঠে বসে দেখতে পারবেন না কোনো দর্শক। আজ এক বিবৃতিতে এ কথা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আগামী বছরের চ্যাম্পিয়নস ট্রফির জন্য প্রস্তুত করতে করাচি স্টেডিয়ামে সংস্কার চলছে। আর এ কারণেই বাংলাদেশের ম্যাচ এই মাঠে দেখতে পারবেন না দর্শকরা।

দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের কথা উল্লেখ করে পিসিবি তাদের বিবৃতিতে জানিয়েছে, ‘ক্রিকেটে আমাদের দর্শক খেলোয়াড়দেরঅনুপ্রেরণা জোগাতে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা আমরা জানি। ভক্তদের স্বাস্থ্য ও নিরাপত্তাকেই আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিই। খুব সতর্কতার সঙ্গে সব ধরনের বিকল্প নিয়ে ভাবার পর আমরা দর্শকশূন্য স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টটি আয়োজন করার সবচেয়ে নিরাপদ পথ বেছে নিয়েছি।’

এ কারণে দুঃখ প্রকাশ করে পিসিবি জানিয়েছে, ‘দর্শকদের বঞ্চিত করার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে আমরা আমাদের ভক্তদের আশ্বস্ত করতে চাই যে স্টেডিয়ামের চলমান উন্নয়নকাজ শেষ হলে তারা আরও ভালোভাবে খেলা দেখতে পারবেন।’